জয়নগরে ক্ষেতমজুর সমিতির কর্মীদের উপর হামলার অভিযোগে উত্তাল জয়নগর
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, সুন্দরবনঃ
পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির দুই কর্মী বাসনা সর্দার ও বাস্কর তুঙ্গর উপর তৃণমূল কংগ্রেস-সমর্থকদের হামলার অভিযোগে উত্তপ্ত জয়নগর। এনআরজিএ সংঘর্ষ মোর্চার পক্ষ থেকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে বারুইপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকও করেন তারা।
অভিযোগ, কুলতলীর চুপড়িঝাড়া অঞ্চলে গ্রামবাসীদের এমজিএনআরইজিএ বেকারভাতার ফর্ম পূরণে সহায়তা ও সংগঠনের সদস্য সংগ্রহের কাজ করার সময় স্থানীয় প্রধান কণিকা ভুঁইয়ার স্বামী, তৃণমূল নেতা পবন ভুঁইয়ার নেতৃত্বে হামলা চালানো হয়। পুলিশ আহতদের উদ্ধার করলেও অভিযোগ গ্রহণে গড়িমসি করা হয়েছে বলে দাবি।
মোর্চার পক্ষ জানানো হয়, এর আগে নামখানায় শ্রমজীবী মহিলা সমিতির সদস্য খাদিজা খাতুনকেও হেনস্থা করে পুলিশ বেআইনি ভাবে আটক ও গ্রেফতার করেছিল। ঘটনাগুলি খতিয়ে দেখতে অনুসন্ধান দল গঠনের পর তাদের রিপোর্ট বৃহস্পতিবার পুলিশ সুপারের দফতরে জমা দেন মোর্চার প্রতিনিধিরা।
মোর্চার আহ্বায়ক অনুরাধা তালওয়াড়ের অভিযোগ, “রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের কর্মীদের উপর শাসকদলের আক্রমণ বাড়ছে। পুলিশ দলদাসের ভূমিকা পালন করছে।” তাঁদের দাবি—পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুক এবং শাসকদল-নির্দেশিত হেনস্থা বন্ধ হোক, না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।







