সিরিজ জিততে আজ ভরসার নাম সেই রোহিত, কোহলি’ই; পরীক্ষা বোলারদের।
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম
সিরিজের প্রথম ওয়ানডে’তে গম্ভীরের ‘তরুন-মন্ত্র’ নয়, বরং প্রমান হয়েছিল ‘পুরনো চাল ভাতে বাড়ে’।আজ’ও সেই থিওরিতেই সিরিজ জিততে পারেন টিম ইন্ডিয়া। দলের যা পারফরম্যান্স, তাতে রো-কো জুটি চললে ভারতের স্কোরবোর্ডে সচল থাকবে, নতুবা ঝিমোবে।
তিন ম্যাচের সিরিজে লোকেশ রাহুলরা ১-০ ব্যবধানে এগিয়ে। অর্থাৎ আজ প্রোটিয়াদের বশ মানাতে পারলেই সিরিজ মুঠোয়।
অনেকের কাছেই মনে হতে পারে টেস্টের পাল্টা হিসেবে ওয়ান ডে সিরিজ জয়টা ‘নাকের বদলে নরুন’ পাওয়ার মতোই। কিন্তু তলানিতে ঠেকা একটা দলের মনোবল বাড়াতে এই সাফল্যটাও তো জরুরি। সেই মঞ্চই গড়ে দিয়েছেন বিরাট কোহলি। রাঁচিতে প্রথম একদিনের ম্যাচে ভিকের মহাকাব্যিক ১৩৫ রানের ইনিংসই ফারাক গড়ে দিয়েছিল। কারণ, ৮ উইকেটে ভারত ৩৪৯ রান তুলেও ম্যাচের ফয়সালা হয়েছিল শেষ ওভারে। মার্কো জানসেন, করবিন বশদের চোয়াল চাপা লড়াই ভারতীয় বোলিংয়ের দীনতা তুলে ধরেছিল চোখের সামনে। তাই সিরিজ নিশ্চিত করতে হলে ভারতকে বোলিংয়ের খামতি ঢাকতেই হবে।
দুই দলের মধ্যে বড় ফারাক গড়ে দিয়েছে কোহলি-রোহিতের উপস্থিতি। অভিজ্ঞতাকে পুঁজি করে তাঁরা গত ম্যাচে বড় রানের ভিত গড়েছিলেন। ১৩৬ রান যোগ করেন রো-কো জুটি। ভারতীয় দলে তাঁদের যে কোনও বিকল্প নেই, তা প্রমাণ হয়েছে আরও একবার। রায়পুরেও তাই কোহলি-রোহিতকে ঘিরে দেখা যাচ্ছে বাড়তি উন্মাদনা। মাঠের বাইরে সবচেয়ে বেশি এই দু’জনের জার্সিই বিক্রি হচ্ছে।
সাদা বলের ক্রিকেটে ভারতের ব্যাটিং বেশ শক্তিশালী। শুরুতে যশস্বী জয়সওয়াল স্বাভাবিক পারফরম্যান্স মেলে ধরতে পারলে আরও সমস্যায় পড়বে দক্ষিণ আফ্রিকা। রোহিত, কোহিলকে যে প্রোটিয়া বাহিনী বাড়তি গুরুত্ব দিচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। চার ও পাঁচ নম্বরে ঋতুরাজ গায়কোয়াড় এবং ওয়াশিংটন সুন্দর গত ম্যাচে ভরসা দিতে পারেননি। তবুও তাঁরা সুযোগ পেতে পারেন। তবে লোকেশ রাহুলের অধিনায়কোচিত ইনিংস প্রশংসিত হয়েছে ক্রিকেট মহলে। রবীন্দ্র জাদেজাও ফর্মে আছেন।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বেশ শক্তিশালী। আইডেন মার্করাম, রায়ান রিকেলটন, কুইন্টন ডি’কক, টনি জর্জিরা ঝোড়ো ব্যাটিংয়ের জন্য পরিচিত। তাই নতুন বলে হর্ষিত রানা ও বাঁ হাতি পেসার অর্শদীপ সিংকে দ্রুত উইকেট নেওয়ার চেষ্টা করতে হবে। ফিরছেন বাভুমাও। এই ম্যাচে তিনি নেতৃত্বও দেবেন। প্রোটিয়াদের লোয়ার মিডল অর্ডারে ডিওয়াল্ড ব্রেভিস, জানসেন ও করবিন বশ খুবই বিপজ্জনক। তাই স্পিনের ইন্দ্রজালে রানের গতিতে লাগাম টানতে হবে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজাদের। তবে শিশিরের কারণে রাঁচির মতো রায়পুরেও সন্ধের সময় বোলারদের কাজটা কঠিন হতে চলেছে। টস সেজন্যই গুরুত্বপূর্ণ। কিন্তু ভারত টানা ১৯টা টস হেরেছে। ফরম্যাট বা ক্যাপ্টেন বদলালেও টসভাগ্য বদলায়নি!
সে না বদলাক,শুধু ম্যাচ জিতলেই হল।টস যে খুশি জিতুক।
আজ দ্বিতীয় ওয়ানডে তে-
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা।
ম্যাচ শুরু দুপুর ১-৩০ মিনিটে।
স্টার স্পোর্টস ও জিও হটস্টারে সরাসরি সম্প্রচার।







