রিজওয়ানুর মামলা: সাইবার বিশেষজ্ঞের সাক্ষ্য সমাপ্ত
নতুন পয়গাম, কলকাতা:
রিজওয়ানুর রহমানের অস্বাভাবিক মৃত্যুর পর কেটে গেছে ১৮ বছর। সেই স্পর্শকাতর হত্যা মামলায় হায়দরাবাদ থেকে আসা সাইবার বিশেষজ্ঞের সাক্ষ্য শেষ হল। সোমবার কলকাতার নগর দায়রা আদালতে ওই সাক্ষীকে জেরা করেন অভিযুক্ত পক্ষের আইনজীবী। এদিন তাঁর জেরা শেষ হয়। এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে ১১ ডিসেম্বর। ওইদিন নতুন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর দমদম পাতিপুকুর রেল লাইনের ধারে রিজওয়ানুর রহমানের মৃতদেহ পাওয়া গিয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত হাতে নেয় সিবিআই। বাম জামানায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সম্প্রতি রিজওয়ানুরের মা প্রয়াত হন। জীবদ্দশায় তিনি ছেলের ইনসাফ দেখে যেতে পারলেন না। রাজ্যে পালাবদলের পর রিজওয়ানুরের দাদা রুকবানুর রহমান তিনবার বিধায়ক হয়েছেন। এখনও তিনি নদীয়ার চাপড়ার তৃণমূল বিধায়ক। কিন্তু আজও ভাইয়ের রহস্যমৃত্যুর জট খোলেনি।









