আবার ড্র রিয়াল মাদ্রিদের, শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে আজ নামছে বার্সা
জিরোনা- ১(আজেদিন ওনানি)
রিয়াল মাদ্রিদ- ১ (এমবাপে)
নতুন পয়গাম:
পরপর ড্র করেই চলেছেন কিলিয়ান এমবাপেরা।ফলে লীগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সাথে পয়েন্টের ফারাক বাড়ছে মাদ্রিদের।
মরশুমের প্রথম এল ক্লাসিকো জয়ের সুবাদে একটা সময় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তবে এরপর হঠাৎই ছন্দপতন । শেষ তিনটি ম্যাচে ড্র করলেন জাবি আলোন্সো-ব্রিগেড। তার জেরে খোয়াতে হল শীর্ষস্থান। রবিবার অ্যাওয়ে ম্যাচে জিরোনার বিরুদ্ধে পয়েন্ট খুইয়ে দ্বিতীয় স্থানে নামল রিয়াল। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ৩৩ পয়েন্ট। আর সমসংখ্যক ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল বার্সেলোনা। রবিবার প্রথমার্ধের শেষলগ্নে জিরোনাকে এগিয়ে দেন আজেদিন ওনানি। তবে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে রিয়ালকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপে। এরপর ম্যাচে লিড নেওয়ার সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ রিয়াল ফরোয়ার্ডরা। পাশাপাশি অফ-সাইডের কারণে ভিনিসিয়াসের একটি গোল বাতিলও হয়। দলের এই ফলে হতাশ কোচ জাবি আলোন্সো।
এদিকে, মঙ্গলবার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে নামছে বার্সেলোনা। বর্তমানে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ডিয়েগো সিমোনে-ব্রিগেড। লিগের শেষ ছ’টি ম্যাচে জয় পেয়েছেন আঁতোয়া গ্রিজম্যানরা। তাই বার্সার বিরুদ্ধে সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য আতলেতিকোর। পক্ষান্তরে, শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া হান্স ফ্লিকের ছেলেরা। শেষ ম্যাচে আলাভেসকে ৩-১ গোলে বশ মানায় কাতালন ক্লাবটি। চোট সারিয়ে ক্রমশ ছন্দে ফিরছেন রাফিনহা। পাশাপাশি শেষ ম্যাচে গোল পেয়েছেন ইয়ামালও। তবে রক্ষণ নিয়ে চিন্তা থাকছেই।
আজ বার্সেলোনা বনাম আতলেতিকো।
ম্যাচ শুরু
রাত ১-৩০ মিনিটে।
সরাসরি ফ্যান কোড অ্যাপে।








