ধানের ন্যায্য মূল্য ও ‘ধলতা’ বন্ধের দাবিতে সিউড়িতে AIKS-এর প্রতিবাদ মিছিল
খান সাহিল মাজহার, নতুন পয়গাম, বীরভূম:
বীরভূম জেলার সিউড়িতে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ধান কেনার সময় কৃষকদের কাছ থেকে বেআইনি ‘ধলতা’ আদায়ের বিরুদ্ধে বৃহৎ প্রতিবাদ মিছিল আয়োজন করল সারা ভারত কৃষক সভা (AIKS)। সোমবার জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন অংশ থেকে বহু কৃষক অংশ নেন।
কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতে গেলেও প্রায়ই অতিরিক্ত টাকা বা ‘ধলতা’ দিতে হয়, যার ফলে তারা ন্যায্য লাভ থেকে বঞ্চিত হন। AIKS নেতৃত্বের দাবি, এই অনিয়ম দীর্ঘদিন ধরে চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই সরাসরি কৃষকের ধান সরকারকে কিনতে হবে এবং ধলতা আদায় পুরোপুরি বন্ধ করতে হবে।
এদিন ব্যানার, পোস্টার ও লাল পতাকা নিয়ে কৃষকেরা মিছিল করে সিউড়ির একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করেন। পরে তারা জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়ে সরকারের উদ্দেশে তিন দফা দাবি জানান—
- সরকারকে প্রতি কুইন্টাল ধান ২৩৬৯ টাকার নির্ধারিত দামে সব কৃষকের কাছ থেকে কিনতে হবে।
- ধান কেনার সময় কোনওভাবেই বেআইনি ‘ধলতা’ নেওয়া চলবে না।
- বাজারে স্বচ্ছতা আনতে ও কৃষকের স্বার্থ রক্ষায় প্রশাসনিক নজরদারি বাড়াতে হবে।

AIKS নেতৃত্ব জানায়, ধান বিক্রির মৌসুম এলেই ধলতা আদায়ের অভিযোগ বাড়ে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ে ছোট ও প্রান্তিক কৃষকদের ওপর। তাই সমস্যার স্থায়ী সমাধান করতেই তাঁদের এই আন্দোলন।
মিছিলে যোগ দেওয়া একাধিক কৃষক জানান, সারা বছরের পরিশ্রমের সঠিক মূল্য পাওয়াই তাঁদের দাবি। ধলতা আদায়কে তারা সম্পূর্ণ অবৈধ বলে মন্তব্য করেন এবং সরকার পরিস্থিতির দ্রুত সমাধান করবে বলে আশা প্রকাশ করেন।
শেষে AIKS-এর একটি প্রতিনিধি দল বীরভূম জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেয়। কৃষক সংগঠনের দাবি, সরকার দ্রুত হস্তক্ষেপ করলে ধানের বাজারে স্বচ্ছতা ফিরবে এবং কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত হবে। আন্দোলনের খবর জেলায় ছড়িয়ে পড়তেই কৃষকদের দাবি ও বাজারে অনিয়ম রোধে প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।







