১২ ফুটের কিং কোবরা উদ্ধার
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, জলপাইগুড়ি:
ময়নাগুড়ি আবারও বড় আকারের বিষধর সাপ উদ্ধারের ঘটনায় সরগরম। রবিবার ময়নাগুড়ি ব্লকের রামশাই–বারহাতি সংলগ্ন এলাকা থেকে প্রায় ১২ ফুট দীর্ঘ এক বিশালাকৃতির কিং কোবরা উদ্ধার হয়। সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত স্থানীয়রা প্রথমে রামশাই মোবাইল স্কোয়াডকে খবর দেন।
পরে মোবাইল স্কোয়াডের সদস্যরা ময়নাগুড়ি রোডের পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। বন দপ্তরের সহযোগিতায় পরিবেশপ্রেমী সদস্যরা সাপটিকে সম্পূর্ণ নিরাপদভাবে উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধারকারীদের দাবি, সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট, যা এই এলাকার জন্য বিরল ঘটনা। পরে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কিং কোবরাকে বন দপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
হঠাৎ করে এই বিশালাকৃতির বিষধর সাপ ধরা পড়ায় এলাকায় উত্তেজনার পাশাপাশি কৌতূহলেরও সৃষ্টি হয়েছে। বন দপ্তর সূত্রে জানা গেছে, সাপটি সুস্থ রয়েছে এবং উপযুক্ত আবাসস্থলে ছেড়ে দেওয়ার প্রস্তুতি চলছে।








