বেজে গেল ডব্লুপিএলের দামামা, নিলামে সবচেয়ে দামি দীপ্তি
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম:
ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সের পুরষ্কার পেলেন দীপ্তি শর্মা।ওমেন্স প্রিমিয়ার লিগে দর পেলেন ৩ কোটি ২০ লক্ষ টাকা।সদ্য শেষ হওয়া বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন দীপ্তি শর্মা। ২১৫ রান ও ২২টি উইকেটে নিয়ে তিনিই টুর্নামেন্টের সেরা। আঁচ করাই যাচ্ছিল, ওমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লুপিএল) নিলামে মোটা অঙ্কের দর উঠবে ভারতীয় অলরাউন্ডারের জন্য। প্রত্যাশা মতো ৩ কোটি ২০ লক্ষ টাকায় ইউপি ওয়ারিয়র্জ রাইট টু ম্যাচ প্রয়োগ করে দলে ফেরাল দীপ্তিকে। সেই সুবাদে ডব্লুপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক দামি ক্রিকেটারের মর্যাদা এখন তারকা অলরাউন্ডারের মুকুটে। আর এবারের নিলামের সবচেয়ে দামি। শুধু দীপ্তি নন, ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্যদের বেশিরভাগই ভালো দর পেয়েছেন। ডব্লুপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার স্মৃতি মান্ধানাকে (৩.৫ কোটি) ধরে রেখেছে আরসিবি। এছাড়া ৬৫ লক্ষের বিনিময়ে তারা দলে নিয়েছে রাধা যাদবকে। ১ কোটি ৩০ লক্ষ টাকায় শ্রী চরণিকে নিল সৌরভ গাঙ্গুলির দিল্লি ক্যাপিটালস। সবমিলিয়ে ভারতীয় দলে খেলা ১৩ জন ক্রিকেটার মোট ২১ কোটি ৪০ লক্ষ টাকা দর পেয়েছেন।
নিলামে মোট ২৭৬ জন ক্রিকেটার ছিলেন। তবে জায়গা ফাঁকা ছিল ৫০ জন ভারতীয় ও ২৩ বিদেশির। সেখানে বড় চমক অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যালিসা হিলির অবিক্রীত থাকা। তারকা পেসার মিচেল স্ট্রার্কের স্ত্রীর জন্য নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহই দেখাল না। তবে দীপ্তি, মেগ ল্যানিংদের নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলল। দীপ্তির জন্য বিড করেছিল দিল্লি ক্যাপিটালস। তবে তাঁর পুরনো দল ইউপি ওয়ারিয়র্জ আরটিএম ব্যবহার করে তারকা অলরাউন্ডারকে ঘরে ফেরালেন। ৩ কোটি টাকায় অ্যামেলিয়া কের মুম্বই ইন্ডিয়ান্সে। ২.৪ কোটি টাকায় শিখা পান্ডেকে নিয়েছে ইউপি। ১.৯ কোটি টাকায় মেগ ল্যানিংকেও নিয়েছে তারা। ২ কোটি টাকায় সোফিয়া ডিভাইন গুজরাতে।
এদিন নিলামের মঞ্চেই ঘোষণা হয়েছে ডব্লুপিএলের দিনক্ষণ। ৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি নভি মুম্বই এবং বরোদায় আয়োজিত হবে মহিলাদের কোটিপতি লিগ। ডব্লুপিএল চেয়ারম্যান জয়েশ জর্জ জানিয়েছেন, বরোদাতে হবে মেগা ফাইনাল। পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের কর্ণধার পার্থ জিন্দাল মহিলাদের প্রিমিয়ার লিগে দল বাড়ানোর আবেদন জানিয়েছেন।যদিও এখনও এ বিষয়ে ফাইনাল কিছু জানা যায়নি।








