এসআইআর এর নামে ভয় তৈরি করে ভোট বিভাজনের চেষ্টা, তোপ অধীরের
এজাজ আহম্মেদ, নতুন পয়গাম, মুর্শিদাবাদ:
মুর্শিদাবাদের বহরমপুরে টেক্সটাইল কলেজের মোড়ে কংগ্রেসের প্রতিবাদ সভায় উপচে পড়া ভিড়। বৃহস্পতিবারের সভায় বক্তৃতা দিতে উঠে তৃণমূল ও বিজেপিকে একযোগে নিশানা করেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। ডিসেম্বরের শুরুতেই মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়েও কটাক্ষ করে অধীরের মন্তব্য, “ডিসেম্বরে দিদি আসছেন আমাদের সভাকে টক্কর দিতে।”
এসআইআর ইস্যুতে জেলার মানুষের মধ্যে ভয়–ভীতি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তোলেন অধীর। তাঁর কথায়, “মুর্শিদাবাদে এসআইআর এর নামে ভয় দেখিয়ে ভোটের বিভাজনের চেষ্টা চলছে। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ঘুষ নেওয়া হচ্ছে। কংগ্রেস মুর্শিদাবাদে যেমন ছিল, তেমনই আছে। আগামী দিনে আরও শক্তিশালী হবে। শেষ পর্যন্ত দেখা যাবে কোন শক্তি জেতে এই জেলায়।”
এসআইআর, দুর্নীতি সহ একাধিক ইস্যুতে এদিনের প্রতিবাদ সভা আয়োজন করে জেলা কংগ্রেস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধীর চৌধুরী। শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিল তৃণমূল, বিজেপি এবং সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে অধীর প্রশ্ন তোলেন, “আপনি মুখ্যমন্ত্রী হয়ে কেন এসআইআর এর অনুমতি দিয়েছিলেন? একবারও বিরোধিতা করেননি কেন?”
সভা শেষে জেলায় কংগ্রেসের শক্ত ঘাঁটি পুনর্গঠনের অঙ্গীকার করেন অধীর। ২০২৬ সালের নির্বাচনের আগে এই প্রতিবাদ সভা ঘর গুছিয়ে নতুন করে সংগঠন শক্তিশালী করার কংগ্রেসের উদ্যোগ বলেই মনে করছে রাজনৈতিক মহল।








