‘রাজা রামমোহন ব্রিটিশের দালাল’! ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী
নতুন পয়গাম, ইন্দোর: রাজা রামমোহন রায়কে ‘ব্রিটিশের দালাল’ বলে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী বর্ষীয়ান বিজেপি নেতা ইন্দর সিং পারমার। এ নিয়ে বিতর্ক তুঙ্গে উঠতেই দুঃখপ্রকাশ করে ক্ষমা চাইলেন। বাংলা ও বাঙালির গর্ব, সমাজ সংস্কারক, নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়কে এভাবে ন্যক্করজনক ভাষায় আক্রমণ ও অবমাননা করা নিয়ে দেশজুড়ে তীব্র হইচই পড়ে যায়। সতীদাহ প্রথা রদ থেকে নারীশিক্ষার প্রসার, সবেতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রামমোহন। সমাজ সংস্কারে তাঁর অবদান বাঙালি মনে রেখেছে চিরকাল। বাঙালির গর্ব সেই রাজা রামমোহন রায়কে এবার ‘ব্রিটিশের দালাল’ বলে অভিহিত করে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী জানান, ভুলবশত তিনি এমন মন্তব্য করে ফেলেছেন। রামমোহনকে তিনি ‘সম্মান’ করেন।
মধ্যপ্রদেশের আগর মালওয়াতে বিরসা মুন্ডার সার্ধশত জন্মবার্ষিকী অনুষ্ঠানে রাজা রামমোহন রায়ের মতো তৎকালীন সমাজ সংস্কারকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলা এবং পার্শ্ববর্তী অঞ্চলে ইংরেজি শিক্ষার মাধ্যমে সে সময় মানুষের বিশ্বাস পরিবর্তনের জন্য একটি চক্র কাজ করছিল। বেশ কয়েকজন ভারতীয়কে ভুয়ো সমাজ সংস্কারক হিসেবে গড়ে তুলেছিলেন ব্রিটিশরা। রাজা রামমোহন রায় ছিলেন তাঁদের মধ্যে একজন, যিনি ব্রিটিশদের দালাল হিসেবে কাজ করতেন।’ উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দর সিং আরও বলেন, ‘ধর্মান্তরণের যে কুচক্র চলছিল তা বন্ধ করার সাহস যদি কেউ দেখিয়ে থাকেন, তিনি হলেন বিরসা মুন্ডা। আদিবাসী সম্প্রদায়কে বাঁচিয়েছেন তিনি।’
ডাবল ইঞ্জিন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রীর এই মন্তব্যকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন কংগ্রেস মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত। তৃণমূল কংগ্রেস বলেছে, বিজেপি যে বাংলা ও বাঙালি বিরোধী, সেটা আবার প্রমাণ হল।








