সুবিধাজনক জায়গায় দক্ষিণ আফ্রিকা।
সুবিধাজনক জায়গায় দক্ষিণ আফ্রিকা
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম
প্রথম টেস্ট হেরে রীতিমতো কোনঠাসা গম্ভীর।নিদেনপক্ষে সিরিজ ড্র রাখতে গেলেও চলতি টেস্ট ম্যাচ জিততেই হবে ভারতকে।কিন্তু প্রথম দিনের শেষে জোর দিয়ে জয়ের সম্ভাবনা বেশি, বলা যাবে না।
গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ম্যাচ এখনও যেকোন দিকে ঢলতে পারে। ৬ উইকেটের বিনিময়ে ২৪৭ রান দক্ষিণ আফ্রিকার। প্রথম দুটো সেশন প্রোটিয়াদের, শেষ সেশন ভারতের। দিনের অর্ধেকের বেশি সময় উইকেট পেতে কালঘাম ছোটে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের। প্রথম দুই সেশনে নিজেদের মধ্যে একটি করে উইকেট ভাগ করে নেন বুমরা এবং কুলদীপ। প্রথম সেশনের শেষে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৮২। দ্বিতীয় সেশনের শেষে ২ উইকেট হারিয়ে ১৫৬ রান ছিল। তৃতীয় সেশনে ৪ উইকেট তুলে নেয় ভারতীয় বোলাররা।কুলদীপ যাদব ৩ উইকেট তুলে নেন।
দক্ষিন আফ্রিকার টপ অর্ডার ব্যাটাররা শুরুটা ভাল করলেও, কেউই বড় রান পাননি। ইডেনের পর আবার শুরুটা ভাল করেন তেম্বা বাভুমা। ৮২ রানে জোড়া উইকেট পড়ার পর ট্রিস্টান স্টাবসকে সঙ্গে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নিয়ে যান প্রোটিয়া অধিনায়ক। কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ৪১ রানে আউট হন তিনি। একটুর জন্য অর্ধশতরান হাতছাড়া করেন স্টাবস। ৪৯ রানে ফেরেন। ক্রিজে আছেন সেনুরান মুথুস্বামী (২৫) এবং কাইলি ভেরানে (১)। কুলদীপের তিন পাশাপাশি একটি করে উইকেট পান যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। ম্যাচের যা গতিপ্রকৃতি রবিবার আফ্রিকার লেজটা সকাল সকাল ছাঁটতে পারলে ভারতের সম্ভাবনা আছে,নতুবা ঘরের মাঠে আবারও গোল্লা।








