“আদর্শ প্রতিবেশী, আদর্শ সমাজ” শীর্ষক সাংবাদিক সম্মেলন
নতুন পয়গাম, বহরমপুর:
প্রতিবেশীর অধিকার ও সামাজিক সম্প্রীতির বিষয়টিকে জাতীয় স্তরে সামনে আনতে সারা দেশে দশদিনব্যাপী বিশেষ প্রচার অভিযান শুরু করেছে জামাআতে ইসলামী হিন্দ। “আদর্শ প্রতিবেশী, আদর্শ সমাজ” থিমকে সামনে রেখে ২১ থেকে ৩০ নভেম্বর ২০২৫— দেশজুড়ে পালিত হচ্ছে “প্রতিবেশীর অধিকার” প্রচার অভিযান। এই উপলক্ষে গতকাল মুর্শিদাবাদ জেলা জামাআতে উদ্যোগে বহরমপুরে একটি সাংবাদিক সম্মেলন করা হয়।
সংগঠন সূত্রে জানা যায়, এই উদ্যোগের লক্ষ্য হলো মানুষের মনে প্রতিবেশীসুলভ আচরণ, সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে পুনরুজ্জীবিত করা। আধুনিক সমাজে বাড়তে থাকা ব্যস্ততা, বিচ্ছিন্নতা ও বৈরিতা প্রতিবেশী সম্পর্ককে দুর্বল করছে— এমন পরিস্থিতিতে আবারও এই সম্পর্ককে মজবুত করতেই পুরো দেশের মুসলিম সমাজকে সচেতন করার প্রয়াস নিয়েছে সংগঠনটি।
উপস্থিত বক্তারা জানায়, ইসলাম শুধু নিকট প্রতিবেশীর প্রতিই নয়, বরং পথচলা, কর্মক্ষেত্র বা ভ্রমণ পথে যাঁরা আশপাশে থাকেন— সেই “অন্য শ্রেণির প্রতিবেশী”-র প্রতিও সদয়, ন্যায়পরায়ণ ও মানবিক আচরণের নির্দেশ দেয়। শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি হিসেবে এই শিক্ষাকে পুনরায় স্মরণ করাতে চায় তারা।
এদিনের সাংবাদিক সম্মেলন থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যমূলক জনসংযোগ সভা, প্রতিবেশীসুলভ আচরণ ও দায়িত্ববোধ নিয়ে সচেতনতা র্যালি, নারী ও যুবকদের জন্য বিশেষ কর্মশালা, অমুসলিম নাগরিকদের মাঝে ইসলামকে ঘিরে প্রচলিত ভুল ধারণা দূরীকরণের উদ্যোগ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও স্থানীয় কমিটি গঠন প্রভৃতি।
এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জামাআতের মুর্শিদাবাদ জেলা সভাপতি মোঃ শামসুল আলম, সহকারি জেলা সভাপতি ওয়াসেফ আলম, আব্দুল্লাহি কাফি, জনসংযোগ সম্পাদক মোঃ হাসানুল্লা প্রমুখ।








