ধানের পালায় দুষ্কৃতীদের আগুন, চোখের জলে ভাসছেন কৃষক পরিবার
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি:
নিমেষে পুড়ে ছাই সারা বছরের আশা! ধূপগুড়িতে ধানের পালায় দুষ্কৃতীদের আগুন, চোখের জলে ভাসছেন কৃষক পরিবার। সারা বছরের সংসার চালানোর মতো ধান এক মুহূর্তেই সব ছাই! ধূপগুড়ির সাকোয়া ঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর গোসাইরহাটে দুষ্কৃতীদের লাগানো আগুনে পুড়ে গেল কৃষকের রক্ত-ঘামে ফলানো সঞ্চয়। শুক্রবার ভোরের এই ঘটনায় ভেঙে পড়েছেন কৃষক শিবিন রায়ের পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, অনুশীলন ক্লাব সংলগ্ন এলাকায় বাড়ির কাছেই সাড়ে তিন বিঘা জমির ধান পালা করে রেখেছিলেন শিবিনবাবু। ভোরে শাশুড়ি বাইরে এসে দেখেন ধানের পালায় আগুন দাউদাউ করে জ্বলছে। তিনি চিৎকার করলে পরিবার-পরিজন ও প্রতিবেশীরা ছুটে আসেন।
খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে। কিন্তু দমকল পৌঁছানোর আগেই সব জমে ওঠা ফসল ধোঁয়ায় মিলিয়ে যায়।
চোখের জল সামলাতে সামলাতে কৃষক শিবিন রায়ের আর্তি, “এ ধানেই আমাদের গোটা বছরের খাবার চলে। খড় দিয়ে গবাদিপশু পালন করি। সব শেষ হয়ে গেল! এখন কীভাবে সংসার চলবে?”
পরিবারের সদস্যরাও ভেঙে পড়েছেন মানসিকভাবে। এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের আবহ।
দমকল কর্মীরা জানান, “সময়মতো খবর পেলে কিছু ধান অন্তত বাঁচানো যেত।”
কীভাবে আগুন লাগানো হলো, কে এর পেছনে—তা নিয়ে ধোঁয়াশা। গ্রামবাসীদের দাবি, দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হোক।
রক্ত-ঘামে বোনা বছরের স্বপ্ন পুড়ে যাওয়ায় কৃষক পরিবারের জীবনে নেমে এল অন্ধকার এখন সরকারি সাহায্যই শেষ ভরসা।







