ঐতিহ্যবাহী কার্তিক লড়াই অনুষ্ঠিত হলো বেলডাঙ্গাতে
নতুন পয়গাম, বেলডাঙ্গা:
কার্তিক পুজোর অনুষ্ঠানের আনন্দে মেতে উঠেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। গত সোমবার ছিল পুজো, মঙ্গলবার কার্তিক লড়াই। মুর্শিদাবাদের পাশাপাশি কাটোয়ার পূর্বস্থলি, হুগলির বাঁশবেড়িয়া কার্তিক পুজোর জন্য বিশেষভাবে পরিচিত। বেলডাঙ্গার প্রাচীন ঐতিহ্যবাহী উৎসব কার্তিক লড়াই এবারও উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হলো।
উল্লেখ্য যে, প্রায় তিনশ বছরের ঐতিহ্য বহন করে কার্তিক লড়াই – বুড়ো শিব ,কার্তিক, গণেশ সহ শতাধিক দেবদেবীর বিশাল শোভাযাত্রা দেখতে ভিড় জমায় হাজারো মানুষ। প্রতিমা কাঁধে নিয়ে এভাবেই আজও জীবন্ত এই সুপ্রাচীন উৎসব। সবথেকে বড় কার্তিক পুজো বেলডাঙ্গার ছুতোর পাড়ায় বুড়ো শিব মন্দিরে হয়, প্রায় ১৮ ফুট লম্বা কার্তিক ঠাকুর পূজিত হন। বেলডাঙ্গাসহ পাশ্ববর্তী এলাকার মানুষজন রাস্তার দু’পাশে সাগ্রহে জমায়েত হন জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা দেখার জন্য। তিনশ বছর আগে এলাকার ঘোষ বাড়ি থেকে এই পুজোর প্রচলন হয়। তখন বেলডাঙ্গার নাম ছিল ‘বেলিডাঙ্গা’।পুজো কমিটির সভাপতি জানান, বাবা ভক্তদের কাঁধে চেপেই নগর পরিক্রমা করেন।
এই উপচে পড়া ভিড় সামলাতে প্রশাসনের নজিরবিহীন তৎপরতা লক্ষ করা যায়। এই শোভাযাত্রায় সাধারণ মানুষ যেন হেনস্থার শিকার না হন তা নিশ্চিত করতে রাস্তায় রাস্তায় পুলিশি টহল জোরদার করা হয়। এই শোভাযাত্রাতে আলোর ঝলকানি বা প্যান্ডেল সজ্জার বাহুল্য না থাকলেও ভক্তদের কাঁধে কাঁধ মিলিয়ে দেবদেবীর বিশালাকার প্রতিমা বহন করার ঐতিহ্য আর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই দিনগুলোকে প্রাণবন্ত করে তোলে।







