শিশু দিবস উপলক্ষে ভয়েস পাবলিক স্কুলে দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা
নতুন পয়গাম, জঙ্গিপুর:
মঙ্গলজোন কেটলি বাড়ি ক্যাম্পাসে অবস্থিত ভয়েস পাবলিক স্কুলে শিশু দিবস উপলক্ষে মহাসারম্বরে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। গত ১৫ ও ১৬ নভেম্বর, শনিবার ও রবিবার জুড়ে চলা এই কর্মশালায় স্কুলের মোট ২০টি শাখা থেকে আগত ২০০-রও বেশি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী অংশ নেন।
কর্মশালার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি জনাব আলহাজ্ব শাজাহান বিশ্বাস এবং সেক্রেটারি ডঃ জাহাঙ্গীর বিশ্বাস। পুরো প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন বিশিষ্ট প্রশিক্ষক ও শিক্ষা বিশেষজ্ঞ ডঃ কে. এ. সাদাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার বিদ্যালয় পরিদর্শক শ্রী জয়ন্ত হালদার। তিনি বক্তব্য রাখতে গিয়ে বর্তমান সময়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে গঠনে শিক্ষকদের দায়বদ্ধতা ও ভূমিকার উপর জোর দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ রফিকুল ইসলাম। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, আদর্শ শিক্ষকই সমাজে নৈতিক, দক্ষ ও সচেতন নাগরিক তৈরি করতে পারেন। তাই শিক্ষকসমাজের প্রতিনিয়ত শিখতে থাকা ও নিজেকে উন্নত করার প্রয়োজনীয়তা আজ আগের চেয়ে বেশি।
দুই দিনের এই কর্মশালায় বক্তারা আদর্শ শিক্ষকের গুণাবলী, নৈতিক-মানসিক গঠন ও জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা, এবং বৃহৎ জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে শিক্ষার কার্যকর প্রয়োগ—ইত্যাদি বিষয়ে বিস্তৃত আলোচনা করেন। বিভিন্ন দৃষ্টান্ত ও আধুনিক শিক্ষণ-পদ্ধতি তুলে ধরে শিক্ষক-শিক্ষিকাদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও দেওয়া হয়।
উপস্থিত শিক্ষকরা জানান, এমন প্রশিক্ষণ কর্মশালা তাদের পেশাগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষার্থীদের আরও ফলপ্রসূভাবে শেখানোর উৎসাহ জোগায়। দুই দিনের এই কর্মশালা সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কর্তৃপক্ষ সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।








