দাদা’দের পদাঙ্ক অনুসরণ করতে ব্যর্থ ভাইরা, পাকিস্তানের কাছে পরাস্ত ভারত
নিজস্ব সংবাদদাতা,নতুন পয়গাম:
আরব আমিরাতের সাথে যেখানে শেষ করেছিলেন,সেখান থেকেই শুরু করেছিল বৈভব সূর্যবংশী। উবেদ শাহকে চার দিয়ে ইনিংসের গোড়াপত্তন করে সে।কিন্তু বাকিরা সেই ধারা বজায় রাখতে পারেনি।ফলে এশিয়া কাপে দাদাদের ধারাবাহিকতাও তারা ধরে রাখতে পারেনি। চিরশত্রু পাকিস্তানের কাছে হারলো একপেশে।
রাইজিং স্টার এশিয়া কাপে রবিবার বৈভব সূর্যবংশীর ঝোড়ো ব্যাটিংয়ে এসেছিল ২৮ বলে ৪৫ রান। কিন্তু ফিল্ডিংয়ে সাদাকতের সহজ ক্যাচ পড়ল বৈভবের হাত থেকেই। আর প্রতিপক্ষের সেই ওপেনার ৮ উইকেটে হারিয়ে দিল ভারতীয় ‘এ’ দলকে। অপরাজিত ৭৯ রানের ইনিংসে পাকিস্তান শাহিনসকে জেতালো সাদাকত। প্রথমে ব্যাট করে ১৯ ওভারে ১৩৬ রান তোলে ভারতীয় দল। জবাবে ৪০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ইরফান খানরা (১৩৭ রান)। তবে দোহাতেও ‘হ্যান্ডশেক’ বিতর্ক জারি থাকল।
সম্প্রতি বড়দের এশিয়া কাপে ‘হ্যান্ডশেক’ বিতর্কে সরগরম ছিল ভারত-পাক ম্যাচ। খেলা শুরু বা শেষে পাকিস্তানের সালমন আগাদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেছিলেন সূর্যকুমাররা। এদিন রাইজিং স্টার এশিয়া কাপেও সেই ধারা বজায় রাখলো জিতেশ শর্মারা। টস বা জাতীয় সঙ্গীতের পর পাক প্লেয়ারদের রীতিমতো এড়িয়ে গেলে তারা। ইনিংসের শুরুতে রীতিমতো বিধ্বংসী দেখাচ্ছিল ভারতীয় ব্যাটারদের। ওপেনিং জুটিতে ওঠে ৩০ রান। প্রিয়াংশ ব্যক্তিগত ১০ রানে আউট হলেও সূর্যবংশীকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। তিনে নামা নমন ধীরও ঝড় তুলেছিল। ২০ বলে ৩৫ রান করে সে। তবে এই দুই ব্যাটার আউট হতেই ভারতের ব্যাটিংয়ে ধস নামে। ১৯ ওভারে ১৩৬ রানে থামে তারা।
জবাবে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখায় সাদাকত। ১৪ রানে নইম ও ১১ রানে ইয়াশির আউট হলেও ভারতীয় বোলারদের একাই শাসন করে বাঁ-হাতি পাক ওপেনার। তবে বৈভবের মিস ছাড়াও বাউন্ডারি লাইনে ধরা সাদাকতের একটি ক্যাচ নিয়ে বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত টিভি আম্পায়ারের সিদ্ধান্তে বলটি ডেড ঘোষনা হয়।তবে ভারত হারলেও পরের রাউন্ডে প্রতিশোধের রাস্তা খোলা থাকছে।দরকার বৈভবদের আর একবার জ্বলে ওঠা।








