ঘরের মাঠে আত্মবিশ্বাসী বাংলা আজ জয়ের খোঁজে মাঠে, দলে ফিরলেন শামি
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম:
রেলওয়েজকে একপেশে হারিয়ে বোনাস সহ ৭ পয়েন্ট পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর বাংলা আজ ঘরের মাঠে অসমের মুখোমুখি হচ্ছে। ইতিমধ্যেই চার ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ সি’র শীর্ষে রয়েছে লক্ষ্মীরতন শুক্লার দল। স্বভাবতই আত্মবিশ্বাসে বুক বেঁধে রবিবার কল্যাণীতে দুর্বল অসমের বিরুদ্ধে নামছে বঙ্গ-ব্রিগেড। ছন্দ বজায় রেখে জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য বাংলার।
ইডেনে ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্ট চলছে। সেই কারণে অসমের বিরুদ্ধে ম্যাচটি কল্যাণীতে হবে। পিচে পেসারদের জন্য সুবিধা রয়েছে। তাই রবিবার বাড়তি পেসার নিয়ে নামছে বঙ্গ-ব্রিগেড। মহম্মদ শামি ফেরায় বোলিংয়ের ধার আরও বেড়েছে। সুরজ সিন্ধু জয়সওয়াল, ঈশান পোড়েলও ছন্দে আছেন। তবে ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলছেন আকাশদীপ। তাঁকে এই ম্যাচে পাওয়া যাবে না। ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণ ফেরায় ব্যাটিংয়েও গভীরতা বেড়েছে। এছাড়া ব্যাট হাতে ফর্মে রয়েছেন অনুষ্টুপ মজুমদার ও সুমন্ত গুপ্ত। পক্ষান্তরে, ৪ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে অসম। তাদের চিন্তা বাড়িয়েছে রিয়ান পরাগের অনুপস্থিতি। ভারতীয় এ দলে রয়েছেন তিনি। তাই ঘরের মাঠে অসমকে হারাতে অসুবিধা হওয়ার কথা নয় বাংলার। এই ম্যাচ দেখতে মাঠে হাজির থাকতে পারেন প্রধান নির্বাচক অজিত আগরকর।
তবে কি আরও একবার আতশ কাঁচের তলায় শামি?








