বিরাট-রোহিতকে বার্তা
‘ভারতীয় ক্রিকেটে কেউ অপরিহার্য নয়’-অঘোষিত বার্তা বোর্ডের।
নতুন পয়গাম:
নাহ্,বিরাট,রোহিত আর অটোমেটিক চয়েজ নন।এখন জাতীয় দলে খেলতে হলে তাদেরও দক্ষতার পরীক্ষা দিতে হবে।
তাই ২৪ শে ডিসেম্বর শুরু হতে চলা বিজয় হাজারে ট্রফিতে খেলার জন্য বার্তা দেওয়া হল দুই মহাতারকাকে।ঘরোয়া ক্রিকেটে এটাই একমাত্র একদিনের প্রতিযোগিতা। আর তা মাথায় রেখেই বিরাট কোহলি ও রোহিত শর্মাকে এই টুর্নামেন্টে খেলতে বলল বিসিসিআই। দুই মহাতারকা এখন শুধু ৫০ ওভারের ফরম্যাটেই দেশের প্রতিনিধিত্ব করেন। টি-২০ ফরম্যাট ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দু’জনে। ফলে ম্যাচ প্র্যাকটিসের অভাব তাঁদের সামনে বড় বাধা। বোর্ড জানিয়েছে যে, দেশের হয়ে ওডিআই খেলতে হলে উভয়কেই বিজয় হাজারে ট্রফিতে নামতে হবে।
জানা গিয়েছে, মুম্বই ক্রিকেট সংস্থাকে বিজয় হাজারে ট্রফিতে খেলার ব্যাপারে ইতিমধ্যে সবুজ সংকেত দিয়েছেন রোহিত। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন সংস্থার এক কর্তা। তিনি বলেন, ‘এখনও রোহিতের পক্ষ থেকে সেরকম কিছু জানানো হয়নি।’ পাশাপাশি কোহলিকে নিয়ে ধোঁয়াশা রয়েছে। তিনি পরিবারের সঙ্গে থাকেন ইংল্যান্ডে। ফলে ঘরোয়া ক্রিকেট খেলতে হলে তাঁকে দেশে ফিরতে হবে। যেহেতু উভয়েরই লক্ষ্য ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ খেলা, তাই ম্যাচের মধ্যে থাকা জরুরি। কিন্তু কেউই রঞ্জি ট্রফি বা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেন না। আর এই মুহূর্তে ভারত একদিনের ক্রিকেটে খুব একটা মনোযোগ দিচ্ছেও না। কারণ পরের বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। ফলে রোহিত-কোহলির পক্ষে ম্যাচ ফিট থাকা মুশকিল হয়ে উঠেছে। সেজন্যই বিজয় হাজারে ট্রফিতে তাঁদের খেলতে বলা হয়েছে।
বোর্ড আগেই জানিয়েছিল যে, সুস্থ থাকলে চুক্তিবদ্ধ প্রত্যেক ক্রিকেটারকে ঘরোয়া আসরে নামতে হবে। উল্লেখ্য, দীর্ঘদিন পর চলতি বছরের গোড়ায় রঞ্জি ট্রফিতে নেমেছিলেন রো-কো জুটি। তাঁদের খেলা দেখতে ভিড়ও হয়েছিল। তবে টেস্টকে বিদায় জানানোয় রঞ্জির নতুন মরশুমে তাঁরা আর খেলছেন না। অবশ্য নভেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে দুই মহারথীকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে খেলবেন তাঁরা। অক্টোবরে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওডিআই সিরিজের সেরা হয়েছিলেন রোহিত। অন্যদিকে, প্রথম দুই ম্যাচে ০ করার পর তৃতীয় ম্যাচে কোহলি উপহার দেন মূল্যবান ৭৪ রানের ইনিংস।
রোহিত-বিরাটের মতো ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হয়েছে হার্দিক পান্ডিয়াকেও। কুড়ি ওভারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বরোদার হয়ে খেলবেন তিনি। মনে করা হচ্ছে, এই আসরে তাঁকে দেখেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের স্কোয়াড ঘোষণা করা হবে।
এখন দেখার বোর্ডের এই প্রস্তাব মহাতারকারা কতটা গ্রহন করেন!








