নিরাপত্তাজনিত কারন দেখিয়ে হঠাতই দেশে ফিরতে চাইলেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম:
সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কার ক্যাপ্টেন বলেছিলেন-আমরা পাকিস্তানে নিরাপদ বোধ করছি।
কিন্তু হঠাৎ কি হলো-পাকিস্তান থেকে একাধিক খেলোয়াড় দেশে ফিরতে চাইছেন!
শোনা যাচ্ছে,নিরাপত্তার অভাব বোধ করায় পাকিস্তান সফরের মাঝপথেই দেশে ফেরার আর্জি জানিয়েছেন শ্রীলঙ্কার আট ক্রিকেটার। তিন ম্যাচের ওডিআই সিরিজে হার দিয়ে শুরু করেছিল দ্বীপরাষ্ট্রটি। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতেই ছিল দ্বিতীয় ম্যাচ। কিন্তু মঙ্গলবার নাকি ইসলামাবাদে আত্মঘাতী হামলায় প্রাণ হারান ১১ জন। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। পাকিস্তানে তাঁরা নিজেদের সুরক্ষিত ভাবছেন না। আট ক্রিকেটার দেশে ফেরার ব্যবস্থা করার জন্য বোর্ডকে অনুরোধ জানান। এরপরই তড়িঘড়ি আসরে নামেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তারপরই শ্রীলঙ্কান বোর্ডের তরফ থেকে ক্রিকেটারদের সফর জারি রাখার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে তাঁদের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা হচ্ছে বলেই জানানো হয়েছে। এদিকে, পাক বোর্ডের তরফ থেকে সিরিজের দ্বিতীয় ম্যাচ একদিন পিছিয়ে শুক্রবার করা হয়েছে। আর বাকি ম্যাচটি হবে রবিবার।
তবে শ্রীলঙ্কা বোর্ড বিবৃতি জারি করে বলেছেন-
‘কোনো ক্রিকেটার,সাপোর্ট স্টাফ ফিরে আসতে চাইলে,বাঁধা দেবো না।তবে ভবিষ্যতে তাদের জবাবদিহি করতে হবে।’








