খেলার মাঠ নেই দেশের আড়াই লক্ষ স্কুলে, পড়ুয়াদের সার্বিক বিকাশ হবে কীভাবে?
নতুন পয়গাম, নয়াদিল্লি:
শুধু পড়াশোনার মাধ্যমেই যে শিক্ষা সম্পূর্ণ হয় না, সেটি বোঝাতে এবার উঠে এসেছে দেশের স্কুলগুলির খেলার মাঠের ঘাটতি। শিক্ষামন্ত্রকের সাম্প্রতিক একটি জরিপ অনুযায়ী, সারা দেশে প্রায় আড়াই লক্ষ স্কুলে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য কোনো মাঠ নেই। যদিও বিদ্যুৎ, পানীয় জল ও শৌচালয়ের মতো পরিকাঠামোর কথা সব স্কুলেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়, কিন্তু খেলার মাঠের বিষয়টি অনেক ক্ষেত্রে উপেক্ষিত।
শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে এ রিপোর্টকে কেন্দ্রীয় শিক্ষা দফতরও গুরুত্ব দিচ্ছে। সরকারি সূত্র জানাচ্ছে, প্রয়োজনে রাজ্যগুলির সঙ্গে বৈঠক করে স্কুলে খেলার জন্য জায়গা না থাকলে অন্যত্র বিকল্প ব্যবস্থা করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে।

দেশে মোট ১৪ লাখ ৭১ হাজার ৪৭৩টি স্কুলের মধ্যে ১২ লাখ ২১ হাজার ২৩১টিতে খেলার মাঠ রয়েছে। ফলে ২ লক্ষ ৫০ হাজার ২৪২টি স্কুল মাঠবিহীন। বিশেষভাবে লক্ষ্যণীয়, এমন কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নেই, যেখানে সব স্কুলে খেলার মাঠ আছে। ডাবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশে ৫৬ হাজার ২৭টি, বিহারে ৪৬ হাজার ১৮৭টি এবং অসমে ৯ হাজার ৬৮৯টি স্কুলে মাঠ নেই। গুজরাট, হরিয়ানা ও মধ্যপ্রদেশেও একই অবস্থা ।
অবিজেপি শাসিত রাজ্যগুলিও খারাপ অবস্থায়। তেলেঙ্গানায় ৫ হাজার ৮১৩টি স্কুল মাঠবিহীন, আর পশ্চিমবঙ্গে এই সংখ্যা ২৯ হাজারের বেশি। শিক্ষামন্ত্রকের লক্ষ্য, ভবিষ্যতে এই ঘাটতি কমিয়ে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ সুনিশ্চিত করা। যাতে, পড়ুয়ারা দেহ-মনে সুস্থ ও চাঙ্গা থাকতে পারে এবং সর্বোপরি পড়ুয়াদের মেধা ও সৃজনশীলতার সার্বিক বিকাশ ঘটে।









