দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজ জেতার ব্যাপারে আশাবাদী সিরাজ
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম:
মাঝে আর একটা দিন।তারপরেই শুরু হবে সেই বহু প্রতীক্ষিত দ্বৈরথ- ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই লড়াই যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ, শেষবার চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এই মুহূর্তে শীর্ষে রয়েছে প্রোটিয়ারা। পক্ষান্তরে ভারত তৃতীয় স্থানে। তাই এই সিরিজের ফলের উপর অনেক কিছু নির্ভর করবে। ডব্লুটিসি’র নতুন মরশুমে দুরন্ত ছন্দ মেলে ধরেছে টিম ইন্ডিয়া। প্রথম সিরিজে ইংল্যান্ডের মাটিতে পিছিয়ে পড়েও ড্র। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে শাসন করেছেন শুভমান গিলরা। দু’টি সিরিজেই বল হাতে আগুনে ফর্মে ছিলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। এবার সেই ধারাবাহিকতা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও বজায় রাখতে মরিয়া তিনি। মঙ্গলবার ভারতীয় পেসার বলেন, ‘ঘরের মাঠে খেলা। তাই সেরাটা উজাড় করে দিতে তৈরি। সিরিজ জিতে টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি করাই লক্ষ্য আমাদের।’
মুখে যাই বলুন, কাজটা যে সহজ হবে না তা বিলক্ষণ জানেন সিরাজ। পাকিস্তানের বিরুদ্ধে তাদের ঘরে সিরিজ ড্র করে ভারতে এসছে দক্ষিণ আফ্রিকা। তার উপর সিনিয়র-জুনিয়র কম্বিনেশন প্রোটিয়া ব্রিগেডের অন্যতম শক্তি। এই প্রসঙ্গে সিরাজের মন্তব্য, ‘এই মুহূর্তে টেস্টে বিশ্বসেরা দক্ষিণ আফ্রিকা। তাই লড়াই বেশ উপভোগ্য হবে।’
তবে প্রতিটি সিরিজে নিজেকে নিংড়ে দেওয়া সিরাজ,এ সিরিজেও যে ভারতের তুরুপের তাস-তা বলার অপেক্ষা রাখে না।








