জাতীয় সড়কের উপর হাতির দল! থমকে গেল যান চলাচল
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, বানারহাট
খাদ্যের সন্ধানে ভুটানে গিয়েছিল প্রায় ৩৫টি হাতির বিশাল একটি দল। শুক্রবার সকালে দেশে ফিরলো দলটি, দেশে ফেরার পথে ফের রানাঘাট থেকে নাগরাকাটা আমি জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে পড়ে দলটি। থমকে যায় যান চলাচল।
জানা গিয়েছে, ভোরের দিকে হাতির দলটি ৩১ নম্বর জাতীয় সড়ক পেরিয়ে বানারহাটের ডায়না জঙ্গলে ফিরছিল। সেই সময় ধরনিপুর এলাকার কাছে রেললাইনের পাশে নর্থ ডায়না জঙ্গলে আটকে পড়ে তারা। আবার দলের কিছু হাতি ধরনিপুর সংলগ্ন জাতীয় সড়ক ১৭-এর ধারে ডায়না জঙ্গল এলাকায় অবস্থান নেয়। সূর্যোদয়ের সময় হওয়ায় দলটি জঙ্গল পার হতে দেরি করে ফেলে এবং রেললাইন ও জাতীয় সড়কের কাছাকাছি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গে বন দফতরকে খবর দেন। খবর পেয়ে ডায়না রেঞ্জের বনকর্মী সপন সেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা ধরে ধৈর্য ও দক্ষতার সঙ্গে প্রচেষ্টা চালিয়ে বনকর্মীরা হাতিগুলিকে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে দেন।
প্রথমে হাতিগুলিকে নিরাপদে ধরনিপুর রেললাইন পার করানো হয়, এরপর জাতীয় সড়ক অতিক্রম করিয়ে সেন্ট্রাল ডায়না জঙ্গলে পৌঁছে দেওয়া হয়। পুরো অভিযানের সময় বনকর্মীরা সতর্কতার সঙ্গে কাজ করে যেকোনও মানব হাতি সংঘাতের সম্ভাবনা এড়িয়ে যান।
এদিকে, জাতীয় সড়কে হাতির দল দেখতে বিপুল সংখ্যক পর্যটক ও স্থানীয় বাসিন্দারা থেমে যান। বন দফতরের তৎপরতায় বড় কোনও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।








