জয়নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মুদির দোকান, ক্ষয়ক্ষতি কয়েক লক্ষ টাকা
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, জয়নগর:
শীতের শুরুতেই ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। শুক্রবার গভীর রাতে চালতাবেড়িয়া তেঁতুলতলার মোড় সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেল এক মুদির দোকান। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দোকানটি ছিল সাইদুল ইসলাম মোল্লার “ইসলাম মুদিভান্ডার”। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দিদিমার মৃত্যুজনিত কারণে দোকান বন্ধ করে বাড়ি চলে যান সাইদুল। এরপর রাতেই আচমকা স্থানীয়রা দেখেন, দোকান থেকে ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে তারা সাইদুলকে খবর দেন এবং আগুন নেভাতে উদ্যোগী হন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঢোষাহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বলরাম মণ্ডল বিশাল পুলিশবাহিনী নিয়ে। পাশাপাশি খবর দেওয়া হয় জয়নগর মজিলপুর দমকল অফিসে। কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল সূত্রে প্রাথমিকভাবে অনুমান, ইলেকট্রিক সংযোগে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে থাকতে পারে। দোকানের ভেতরে রাখা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। স্থানীয়দের দাবি, ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকারও বেশি।
পুলিশ ও দমকল বিভাগ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর মেলেনি।
স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য,
“রাত একটু দেরি হলে আগুন পাশের দোকান ও বাড়িগুলিতেও ছড়িয়ে পড়তে পারত। দমকল ও গ্রামের মানুষ দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় বিপদ থেকে বেঁচে গেছে এলাকা।”
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির নির্দিষ্ট হিসাব জানতে তদন্ত চালাচ্ছে জয়নগর থানার পুলিশ।







