অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার বারুইপুরে
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, বারুইপুর :
অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বারুইপুরের উত্তরভাগ এলাকায়। সোমবার সপ্তাহের শুরুতেই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর উত্তরভাগ অঞ্চলের হিমচি এলাকায়।বারুইপুর থানায়
এদিন রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এমন দৃশ্য দেখে রীতিমত আত্মারাম খাঁচা হয়ে যায় তাদের। সময় নষ্ট না করে তড়িঘড়ি তারা খবর দেন বারুইপুর থানায়। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে উদ্ধার করে তৎক্ষণাৎ বারুইপুর হাসপাতালে আনা হয়।কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম, পরিচয় কিছুই এখন ও জানা যায়নি। তার নাকে, মুখে, হাতে গভীর ক্ষত চিহ্ন ছিল।তবে ওই এলাকার বাসিন্দারা কেউই ব্যক্তিটিকে চিনতে পারেনি বা তার নাম ঠিকানা কিছুই বলতে পারেননি। এলাকার মানুষ মনে করছেন, কেউ মেরে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।







