সতর্কতা ও সচেতনতা গ্রাম সভা নবগ্রামে
রহমতুল্লাহ, নতুন পয়গাম, মুর্শিদাবাদ:
দুর্নীতিমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো সতর্কতা ও সচেতনতা গ্রাম সভা, যার আয়োজক ছিল বহরমপুর পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড।
গত ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী, নবগ্রাম, পলসন্ডা ও সুখী সহ বিভিন্ন এলাকায় গ্রাম সভা এবং সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলপড়ুয়াদের মধ্যেও সতর্কতা ও সততার বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচির উদ্যোগ নেয় সংস্থা।
গত শুক্রবার নবগ্রামে পাওয়ার গ্রিডের কর্মীদের নেতৃত্বে একটি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা দুর্নীতির বিরুদ্ধে সচেতনতার বার্তা নিয়ে গ্রাম পরিক্রমা করেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সমাজে সততা, স্বচ্ছতা ও ন্যায়বিচারের মূল্যবোধ রক্ষা করার আহ্বান জানান। তাঁরা বলেন, দুর্নীতি কেবল অর্থনৈতিক নয়, সামাজিক অগ্রগতিরও বড় অন্তরায়।
পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার পল্লব নন্দী বলেন, “দুর্নীতি আমাদের দেশের উন্নয়নের পথে অন্যতম প্রধান বাধা। সরকার, নাগরিক ও বেসরকারি খাত-সবাইকে মিলিতভাবে কাজ করতে হবে দুর্নীতি রোধে। প্রতিটি নাগরিকের উচিত সততা বজায় রাখা, আইনের শাসন মানা এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করা।”
সভা শেষে উপস্থিত প্রতিটি অংশগ্রহণকারীর হাতে স্মারক হিসেবে উপহার প্রদান করা হয়।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সতর্কতা, সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা।







