মৎস্য মারিব খাইব সুখে নয়…
জেলেদের সমস্যা জানতে মাছ ধরলেন রাহুল
নতুন পয়গাম, বেগুসরাই:

বিহারে নদীতে নেমে রবিবার মাছ ধরলেন রাহুল গান্ধী। তবে উদ্দেশ্য এই নয় যে, মৎস্য মারিব খাইব সুখে, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি…। জেলেদের সঙ্গে জাল টেনে মাছ ধরার পাশাপাশি মৎস্যজীবীদের নানান সমস্যা নিয়ে আলোচনা করেন তিনি। বিহারের বেগুসরাইয়ে নির্বাচনী প্রচারে গিয়ে নৌকা থেকে জলে ঝাঁপ দিয়ে জেলেদের সঙ্গে জাল টেনে মাছ ধরলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এই ভূমিকায় আপ্লুত স্থানীয়রা। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার, মহাজোটের উপমুখ্যমন্ত্রী পরপ্রার্থী তথা বিকাশশীল ইনসান পার্টির নেতা মুকেশ সাহনি। টি-শার্ট ও কার্গো প্যান্ট পরিহিত রাহুল প্রথমে নৌকা থেকে জলে ঝাঁপ দেন। তাকে অনুসরণ করে সঙ্গীরাও সবাই জলে নেমে পড়েন।
প্রস্তাবিত উপমুখ্যমন্ত্রী মুকেশ সাহনি নিজে মৎস্যজীবী পরিবারের সন্তান। রাহুল গান্ধী মৎস্যজীবীদের সঙ্গে তাঁদের সমস্যা নিয়েও কথা বলেন। ২ দিন পর বিহারে বিধানসভা ভোটে। এবার মহাজোট ক্ষমতায় এলে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের জন্য বিমার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও অফসিজনে জেলেদের পরিবারপিছু ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে ইন্ডিয়া জোট।









