ডুয়ার্সে হাতির হামলায় যুবক নিহত, মৃতদেহ নিয়ে বিক্ষোভ বন অফিস ঘেরাও
নতুন পয়গাম, বানারহাট, ১৬ মে: ডুয়ার্সের চানাডিপায় হাতির হামলায় আকাশ ওরাও নামে এক তরতাজা যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ওই হামলার ঘটনায় শনিবার সকাল থেকেই মোরাঘাট রেঞ্জ অফিসের চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। মৃতদেহ নিয়ে শালবাড়ি ও চানাডিপার ক্ষুব্ধ বাসিন্দারা অফিস ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। গ্রামবাসীদের অভিযোগ, আর কত প্রাণ গেলে বনদপ্তরের ঘুম ভাঙবে তা জানেন না তাঁরা। বারবার চিঠি ও ফোন করেও হাতির হানা রুখতে কোনো স্থায়ী ব্যবস্থা নেয়নি বনদপ্তর। ফোন করলেও সময়মতো বনকর্মীরা পৌঁছান না বলেই ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। তাঁরা রেঞ্জ অফিসার চন্দন ভট্টাচার্যের হাতে স্মারকলিপি তুলে দিয়ে হুঁশিয়ারি দেন, দাবি না মানলে বৃহত্তর আন্দোলন হবে।
বিক্ষোভকারীরা জানান, জঙ্গল লাগোয়া গ্রামে ২৪ ঘণ্টা বনদপ্তরের টহলদারি চাই। হাতি ঢুকলেই যেন ১০ মিনিটের মধ্যে একটি টিম পৌঁছে যায়, এমন ব্যবস্থা করতে হবে। তাঁরা কেবল ক্ষতিপূরণ নয়, নিহত আকাশের পরিবারসহ সব ক্ষতিগ্রস্ত পরিবারকে অবিলম্বে পাঁচ লক্ষ টাকা ও একজনের সরকারি চাকরির দাবি জানান। পাশাপাশি গ্রামে গ্রামে সোলার ফেন্সিং, হাইমাস্ট আলো, সাইরেন ও সুরক্ষা ক্যাম্প বসানোর পরিকাঠামো তৈরি করার কথাও বলেন তাঁরা।
চাপের মুখে রেঞ্জ অফিসার চন্দন ভট্টাচার্য জানান, সরকারি নিয়ম মেনে মৃতের পরিবার পাঁচ লক্ষ টাকা পাবে। তিনি আরও বলেন, দাবিগুলো ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে। পরিস্থিতি সামাল দিতে নামতে হয় বানারহাট থানা, বিন্নাগুড়ি আউট পোস্টের পুলিশ কর্মী ও কেন্দ্রীয় বাহিনীকে। পুলিশের হস্তক্ষেপ ও বনদপ্তরের লিখিত আশ্বাসের পর দুপুরে বিক্ষোভ প্রত্যাহার করেন গ্রামবাসীরা। তবে তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, আশ্বাসে কাজ না হলে এবার রাস্তায় নামবেন।








