ডিব্রুগড়ে বিশ্ব রেডক্রস দিবস পালন
নতুন পয়গাম, এম হাশিম আলি, ডিব্রুগড়, ৮ মে: ভারতীয় রেডক্রস সোসাইটির ডিব্রুগড় জেলা শাখার উদ্যোগে বিশ্ব রেডক্রস দিবস পালন করা হয়। রেডক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা সুইজারল্যান্ডের স্যার হেনরি ডুনান্টের ১৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ব রেডক্রস দিবস উদযাপন করা হয়। এদিন ডিব্রুগড় রেডক্রস সোসাইটির সদস্যরা সমবেত হয়ে এই মহান মানবতাবাদীকে শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা উল্লেখ করেন, মানবতা, সহমর্মিতা এবং নিঃস্বার্থ সেবার ক্ষেত্রে স্যার হেনরি ডুনান্টের আদর্শ আজও সমগ্র বিশ্বের জন্য অনুকরণীয়।
অনুষ্ঠানের শুরুতে সোসাইটির সম্পাদক অনুজ কুমার বরুয়া উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করেন। সোসাইটির সভাপতি ডঃ পঙ্কজ কুমার শ্রুতিকর প্রদীপ প্রজ্বলন এবং মহান ব্যক্তিত্বের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। উপস্থিত অন্যান্য সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন। বক্তব্য রাখতে গিয়ে ড. শ্রুতিকর স্যার হেনরি ডুনান্টের মানবতাবাদী দর্শন এবং মহান আদর্শ সম্পর্কে আলোকপাত করেন। তিনি জাতি, ধর্ম, ভাষা ও বর্ণ নির্বিশেষে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের সেবায় আত্মনিয়োগ করে আরও মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সভার সহ-সভাপতি ডঃ মহেশ কুমার জৈন, ডঃ ভারতী দত্ত প্রমুখও বক্তব্য রাখেন এবং দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে রেডক্রস সোসাইটির মানবসেবামূলক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।এই অনুষ্ঠানে সোসাইটির অন্যান্য সদস্য ডঃ রুনুমা শর্মা, সমীর কুমার শর্মা, নরেন্দ্র নাথ গোস্বামী, রঞ্জন গোস্বামী, মিতালী বরুয়া এবং গায়ত্রী দেবী গোস্বামী উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে তোলেন। সোসাইটির সহ-সভাপতি ডঃ মহেশ কুমার জৈন ধন্যবাদ জ্ঞাপন করেন।








