৭ সাংসদ নিয়ে বিজেপিতে রাঘব চাড্ডা
দল্যতাগী রাঘব চাড্ডাকে মিষ্টিমুখ করাচ্ছেন বিজেপি সভাপতি নীতীন নবীন।
নতুন পয়গাম, নয়াদিল্লি, ২৪ এপ্রিল: প্রত্যাশা মতোই আম আদমি পার্টি (আপ) ছাড়লেন অরবিন্দ কেজরিওয়ালের এক সময়ের ছায়াসঙ্গী রাঘব চাড্ডা। শুক্রবার দিল্লিতে সাংবাদিক ডেকে তিনি আনুষ্ঠানিকভাবে দলত্যাগের কথা ঘোষণা করেন। তবে রাঘব একা নন, তাঁর সঙ্গে আপ-এর আরও দুই প্রভাবশালী সাংসদ সন্দীপ পাঠক ও অশোক মিত্তল-সহ মোট ৭ জন রাজ্যসভা সাংসদ এদিন পদ্মশিবিরে যোগ দিয়েছেন। উল্লেখ্য, রাঘব চাড্ডাকে সরিয়ে অশোক মিত্তলকে রাজ্যসভার উপদলনেতা করেছিলেন কেজরিওয়াল। কিন্তু তারপরেই অশোকের বাড়িতে ইডি হানা দেয়।
এদিকে তরুণ সাংসদ রাঘব চাড্ডা জানান, আপ-এর রাজ্যসভা সাংসদদের প্রায় দুই-তৃতীয়াংশ একজোট হয়ে বিজেপিতে নিজেদের অংশটিকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছেন। দলত্যাগের কারণ হিসেবে কেজরিওয়ালের দলের বিরুদ্ধে একাধিক ‘অপরাধ’ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, “আমি ভুল দলে সঠিক ব্যক্তি ছিলাম।” উল্লেখ্য, সম্প্রতি রাজ্যসভার সহকারী দলনেতা পদ থেকে রাঘবকে সরিয়ে দেওয়ার পর থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে শুরু করেছিল।
এদিকে, এই গণহারে দলত্যাগকে কেন্দ্র করে আপ শিবিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সমাজমাধ্যম এক্স-এ ক্ষোভ উগরে দিয়ে বলেন, বিজেপি আবারও পাঞ্জাবের মানুষের সঙ্গে বড়সড় বিশ্বাসঘাতকতা করল। পাঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দলত্যাগীদের সরাসরি ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে বলেন, রাজ্যের মানুষ এদের কখনোই ক্ষমা করবে না। অন্যদিকে, আপ-এর জাঁদরেল নেতা সাংসদ সঞ্জয় সিং একে বিজেপির ‘অপারেশন লোটাস’-এর ফল বলে দাবি করেছেন।
এই পরিস্থিতির সুযোগ নিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেছেন, আম আদমি পার্টির পতন এখন কেবল সময়ের অপেক্ষা। সব মিলিয়ে, এই ভাঙন জাতীয় রাজনীতিতে কেজরিওয়ালের শক্তিকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিল।








