পদত্যাগ করলেন চন্দননগর পুরো নিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলি: অনেক জল্পনার শেষে পদত্যাগ করলেন চন্দননগর পুর নিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। উল্লেখ্য, কদিন আগেই তৃণমূলের ২১ জন কাউন্সিলর মেয়র রাম চক্রবর্তীকে ডেপুটি মেয়রের পদ থেকে অপসারণ দাবি করে অনাস্থার চিঠি দেন। তার পরই পদত্যাগ করলেন ডেপুটি মেয়র বলে সুত্রের খবর। প্রসঙ্গত চন্দননগর পুর নিগমের ডেপুটি মেয়র ছিলেন মুন্না আগরওয়াল। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ঘনিষ্ঠ মুন্নার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূলেরই কাউন্সিররা। মেয়র ইন কাউন্সিল পীযূষ বিশ্বাসের অভিযোগ, বিধায়ক ও ডেপুটি মেয়র চন্দননগরে সিঙ্গল উইডো ব্যবস্থা চালু করেছিলেন। যেটায় দলের কোন অনুমোদন ছিল না।এই সিঙ্গল উইন্ডোর মাধ্যমে সব কাজে ছড়ি ঘোরানো চলত। কোনো কাউন্সিলর এমআইসি কাজ করতে পারেননি। দুজনের দাপটে চন্দননগরের মানুষ অতিষ্ঠ ছিল বলেও দাবি তাঁর।
এদিকে, মেয়র রাম চক্রবর্তী বলেন, “বিধায়ক মন্ত্রীমশাই ছিলেন বলে তাঁর ওপর কোন কথা বলার সাহস আমাদের ছিল না। তিনি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে সবসময়ই তিনি আপার হ্যান্ড নিয়ে কাজ করেছেন। তিনি উপলব্ধি করতে পারেননি কোনটা কর্পোরেশন কোনটা রাজ্য সরকার। এই বিষয়টা হয়তো আমরা মন্ত্রী মশাই কে বোঝাতে ব্যর্থ হয়েছিলাম। ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল তিনি পদত্যাগ করেছেন কাউন্সিলররাও আমাকে একটি চিঠি দিয়েছে। আমি পদত্যাগ পত্র গ্রহণ করেছি।”
এই প্রসঙ্গে চন্দননগরের বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, “মুন্না আগরওয়াল পদত্যাগ করেছে। এর নীচে অনেক কিছু আছে। এটা হিমশৈলের চূড়া মাত্র। সবে বিধায়ক হয়েছি, অনেক অভিযোগ পাচ্ছি। পুর নিগমের সব কিছুর তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীকে জানাবো।পালিয়ে কেউ বাঁচতে পারবে না।”








