বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল
নতুন পয়গাম, কলকাতা, ১৪ মে: কলকাতার তপসিয়া এলাকায় রাজ্য প্রশাসনের বুলডোজার অভিযানে দু’টি বহুতল বিল্ডিং ভেঙে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে যান মিল্লী ইত্তেহাদ পরিষদের এক প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন মিল্লী ইত্তেহাদ পরিষদের জেনারেল সেক্রেটারি, বর্ষীয়ান সাংবাদিক ও সম্পাদক আব্দুল আজিজ। এছাড়াও জামাআতে ইসলামী হিন্দের বিভাগীয় রাজ্য সেক্রেটারি শাদাব মাসুম, বিশিষ্ট আলেম মাওলানা আশরাফ আলী কাসেমী এবং সমাজকর্মী জনাব উমর আওয়েস প্রমুখ।
প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুরো পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। পরবর্তীতে তাঁরা সেখানে উপস্থিত কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার-১ শ্রী সৈকত ঘোষ এবং ডেপুটি কমিশনার-২ শ্রী পার্থ ব্যানার্জির সঙ্গে দীর্ঘ আলোচনা করেন।
আলোচনায় প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, এভাবে হঠাৎ করে বুলডোজার চালিয়ে বিল্ডিং ভেঙে ফেলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। তাঁরা প্রশ্ন তোলেন, এই দু’টি বিল্ডিং ছাড়াও এলাকায় আরও কোনও বাড়ি বা বিল্ডিং ভাঙার পরিকল্পনা প্রশাসনের রয়েছে কি না। উত্তরে পুলিশ আধিকারিকরা স্পষ্টভাবে জানান, এ ধরনের খবর সম্পূর্ণ গুজব এবং বর্তমানে আরও কোনও বিল্ডিং ভাঙার পরিকল্পনা নেই। প্রতিনিধি দলের সদস্যরা আরও বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আগে সংশ্লিষ্ট পরিবার ও বাসিন্দাদের যথাযথ সময় দিয়ে পূর্ব-নোটিশ প্রদান করা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু অভিযোগ অনুযায়ী, মাত্র কয়েক ঘণ্টার নোটিশে উচ্ছেদ ও ভাঙার কাজ শুরু করা হয়েছে, যা মানবিক ও প্রশাসনিক উভয় দিক থেকেই প্রশ্নের মুখে পড়ে।
শেষে প্রতিনিধি দল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন এবং তাঁদের ধৈর্য, সংযম ও শান্তি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি যেকোনও সমস্যা বা অভিযোগের ক্ষেত্রে আইনানুগ ও সাংবিধানিক পথ অনুসরণ করার পরামর্শ দেন। প্রতিনিধি দল আশা প্রকাশ করে যে, ভবিষ্যতে প্রশাসন এ ধরনের বিষয়ে আরও সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।








