প্রযুক্তি-বান্ধব হবে রাজ্য পুলিশ এআই সেল তৈরি হচ্ছে ভবানী ভবনে
কলকাতা: অপরাধ দমনে রাজ্য পুলিশকে প্রযুক্তি-নির্ভর বা প্রযুক্তি-বান্ধব করে আরো দক্ষ-যোগ্য করে তুলতে এবার এআই সেল তৈরি হচ্ছে ভবানী ভবনে। সময়ের দাবি মেনে অনলাইন বা ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও আধুনিক পুলিশ প্রশাসন গড়তে এই অভিনব উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। অপরাধ দমনে এবার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে রাজ্য পুলিশ। শুক্রবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এই নির্দেশিকা জারি করেন। অভিযোগ বা অপরাধের তদন্ত থেকে শুরু করে সব রকম কাজে আরো পারদর্শী করতে পুলিশকে প্রযুক্তিনির্ভর করতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

এই নতুন এআই সেলের দায়িত্বে থাকবেন এডিজি পদমর্যাদার একজন অফিসার। তিনি হবেন এই সেলের চেয়ারম্যান। তাঁর অধীনে পরিচালিত হবে এআই সেলের যাবতীয় কাজ ও পলিসি নির্ধারণ। এছাড়াও তাঁর অধীনে থাকবেন আইজিপি, ডিআইজি, এসপি পদমর্যাদার কোনও আধিকারিক। সবকিছুই তিনি তত্ত্বাবধান করবেন।এছাড়াও প্রযুক্তি ও কারিগরি বিভাগের পুলিশ আধিকারিকদের সহায়তায় থাকবেন দু’জন বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ। প্রতি ১৫ দিন অন্তর এআই সেলের মিটিং হবে। সেখানে সবকিছু বিষয়ের পর্যালোচনা হবে।
রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনেই থাকবে এআই সেল। কাজে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ নীতিমালা তৈরি করবে এআই সেল। এই সেলের সামগ্রিক ও সার্বিক দায়িত্বে থাকবেন ডিজি রাজীব কুমার। উল্লেখ্য, সবকিছু ডিজিটাল বা অনলাইন হওয়ার কারণে ইদানীং সাইবার ক্রাইম বিশেষ ভাবে বাড়ছে। পাশাপাশি বিশ্বজুড়ে দাপট দেখা যাচ্চ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আর। এমতাবস্থায় বহুমুখী অপরাধ দমন করার লক্ষ্যেই মূলত পুলিশের এআই সেল গড়ার ভাবনা। এতে পুলিশের কাজ অনেক সহজ ও ত্বরান্বিত হবে।








