জয়নগরে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ পালিত
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, জয়নগর
দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আহ্বানে জয়নগরে পালিত হলো ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ। বৃহস্পতিবার জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সারা দেশে ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ পালন করা হচ্ছে, তারই অঙ্গ হিসাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাডিশনাল ভিজিল্যান্স অফিসার রমন কুমার সিং, এসিভিও ও এজিএম ভিজিল্যান্স বিশ্বমোহন ঝা, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের দক্ষিণ ২৪ পরগনার রিজিওনাল ম্যানেজার সন্দীপন পাল, জয়নগর মিত্রগঞ্জ শাখার সিনিয়র ম্যানেজার শ্রীপর্ণা রায়চৌধুরী, শাখা ম্যানেজার আকাশ দাসসহ অন্যান্য কর্মকর্তারা।
ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের উদ্দেশ্যে দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের বার্তা দেন। ব্যাংকিং পরিষেবায় স্বচ্ছতা বজায় রাখা এবং গ্রাহক-ব্যাংক সম্পর্ক আরও দৃঢ় করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি, ব্যাংকের কোনো কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে সরাসরি জানাতে অনুরোধ করা হয়।
কর্মসূচিতে বহু স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা অংশ নেন এবং নিজেদের মতামত তুলে ধরেন। সমাজের সর্বস্তরের মানুষকে দুর্নীতি বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এই সচেতনতা সভা থেকে।







