কৃষকের নামে ভুয়ো লোন তুলে আত্মসাৎ!সমবায় ব্যাংকে তালা মেরে বিক্ষোভ কৃষক ও গ্রাহকদের
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি:
কৃষকের নামে ভুয়ো লোন তুলে আত্মসাৎ, ধূপগুড়িতে তৃণমূল পরিচালিত বারঘরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বিরুদ্ধে অভিযোগ।সমবায় ব্যাংকে তালা মেরে বিক্ষোভ কৃষক এবং গ্রাহকদের। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে।
কৃষকের নামে ভুয়ো লোন তুলে আত্মসাৎ এর অভিযোগে তৃণমূল পরিচালিত সমবায় সমিতির বিরুদ্ধে উত্তাল বারঘরিয়া এলাকা। বুধবার ধূপগুড়ি বারঘরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের অফিসে তালা মেরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ কৃষকেরা।
অভিযোগ, প্রায় শতাধিক কৃষকের নামে ৭০ হাজার থেকে ১.২৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ তোলা হয়েছে, অথচ কৃষকরা সেই লোনের ব্যাপারে কিছুই জানেন না। জানা গেছে, ২০১৮ সালে তৃণমূল পরিচালিত বোর্ড গঠন হয়েছিল এই সমবায়ে। ২০২৩ সালে কোনো কৃষক নতুন লোন না নিলেও তাঁদের নামে নতুন ঋণ মঞ্জুর ও তোলা হয়েছে।
কৃষকেরা জানান, তাঁদের ডকুমেন্টস ও সই জাল করে এই লোন তোলা হয়েছে। এই অভিযোগে তাঁরা ব্যাংক ম্যানেজার তপু রায় ও আগের কমিটির সম্পাদক বিপুল ইসলামের বিরুদ্ধে সরব হন। কৃষকেরা বর্তমান সম্পাদক বাপি আলম ও ম্যানেজারকে অফিসের ভেতরে আটকে রাখেন।
কৃষকেরা লিখিতভাবে অভিযোগ জানিয়ে তদন্তের দাবি তুলেছেন। তাঁদের হুঁশিয়ারি, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তাঁরা আইনি পথে এগোবেন।
এই বিষয়ে বিজেপি জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক চন্দন দত্ত অভিযোগ করেন, “শুধুমাত্র একটা সমবায় ব্যাংকের নয়, সব তৃণমূল পরিচালিত সমবায় ব্যাংকের দুর্নীতির অভিযোগ রয়েছে। বারঘরিয়া সমবায় ব্যাংকের কমিটির যে ২০২৩ সালে সম্পাদক ছিলেন, সে টাকা তুলে আত্মসাৎ করেছেন এবং কমিটির সকলে সেই টাকা তুলে নিজের পরিবারে আমোদ-প্রমোদ করেছেন।”







