টেন্ডার অর্থ ফেরতের দাবিতে বিডিও কে ঘিরে ঠিকাদারদের বিক্ষোভ
বিডিও অফিসে উত্তেজনা, চেম্বারে ঘেরাও – দায়িত্ব ছাড়ার আগে অর্থ নিষ্পত্তির দাবি
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি:
টেন্ডার জমা দেওয়ার সময় জমাকৃত আনেস্ট মানি ফেরতের দাবিতে বুধবার দুপুরে ধূপগুড়ি ব্লক ডেভেলপমেন্ট অফিস (বিডিও অফিস) চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন একদল ঠিকাদার। প্রায় শতাধিক ঠিকাদার এদিন বিডিওর চেম্বারে ঢুকে বিক্ষোভ দেখান ও ফেরতের দাবিতে স্লোগান দিতে থাকেন।
অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের টেন্ডারে অংশগ্রহণের সময় তাঁরা বিপুল অঙ্কের টাকা আনেস্ট মানি হিসেবে জমা দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও সেই টাকা ফেরত দেওয়া হয়নি। বিক্ষোভকারীদের আশঙ্কা, বর্তমান বিডিওর বদলির নির্দেশ ইতিমধ্যেই জারি হয়েছে—দুই দিনের মধ্যেই তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন। ফলে নতুন আধিকারিক দায়িত্ব নেওয়ার পর টেন্ডার সংক্রান্ত বিষয় বুঝে উঠতে সময় লাগবে, আর তাতে অর্থ ফেরত আরও বিলম্বিত হতে পারে।
ঠিকাদারদের দাবি, আনেস্ট মানির পরিমাণ কোটি টাকারও বেশি। তাই বর্তমান বিডিও দায়িত্ব ছাড়ার আগে টাকার নিষ্পত্তি করতেই হবে। তাঁরা সতর্ক করে বলেন, অর্থ ফেরত না হলে বিডিওকে যেতে দেওয়া হবে না।
বিডিও অফিস সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। তবে বিক্ষোভ চলাকালীন অফিস চত্বরে উত্তেজনা ছড়ায় এবং কিছু সময়ের জন্য কাজকর্মও ব্যাহত হয়।







