কমিউনিস্ট নেতা অশ্বিনী রাজের স্মরণে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির
সঞ্জয় মণ্ডল, নতুন পয়গাম, বাঁকুড়া:
বাঁকুড়া জেলার বর্ষীয়ান কমিউনিস্ট নেতা ও বড়জোড়া বিধানসভার প্রাক্তন সিপিআইএম বিধায়ক অশ্বিনী রাজের ৩৮তম প্রয়াণ দিবস পালিত হল নানা সামাজিক উদ্যোগের মধ্য দিয়ে। প্রয়াত নেতার নিজ গ্রাম ভৈরবপুরে আয়োজিত এই অনুষ্ঠানে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি তাঁর তিনটি মূর্তি ও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রক্তদান শিবিরে একজন মহিলা সহ মোট ২৭ জন রক্তদান করেন। সিপিআইএম-এর উদ্যোগে ও নেতাজি আই হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত চক্ষু পরীক্ষা শিবিরে বহু মানুষ চোখের পরীক্ষা করান। এদের মধ্যে পাঁচজনের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
প্রয়াণ দিবস উপলক্ষে আসন্ন ২ নভেম্বর বড়জোড়ার উন্মেষ হলে সিপিআইএম-এর উদ্যোগে “আক্রান্ত সংবিধান—আমাদের দায়িত্ব” শীর্ষক এক আলোচনা সভারও আয়োজন করা হবে, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গণশক্তি পত্রিকার সম্পাদক ও সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী।
আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী, সুজিত চক্রবর্তী, মহাদেব সিং, সাগর বাদ্যকর ও প্রয়াত নেতার পুত্র রথীন রাজ সহ পার্টির বহু নেতা-কর্মী।








