বদলি ৬৪ আইএএস অফিসার
নতুন পয়গাম, কলকাতা:
এসআইআর চালুর ঠিক আগেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল হয়ে গেল। সোমবার ১০ জেলাশাসক-সহ মোট ৬৪ জন আইএএস এবং তিন ডব্লিউবিসিএস আমলার বদলির অর্ডার জারি হয়েছে নবান্ন থেকে। তালিকায় রয়েছেন দুই ২৪ পরগনা, কোচবিহার, মুর্শিদাবাদ, মালদহের মতো বাংলাদেশ সীমান্ত লাগোয়া সংবেদনশীল জেলাও। সেইসঙ্গে পরিবর্তন আনা হয়েছে বিভিন্ন দপ্তরের আমলা পদেও, যাকে কেন্দ্র করে নবান্ন তথা রাজ্য প্রশাসনের অন্দর মহলে গুঞ্জন ও আলোচনা শুরু হয়েছে। যদিও নবান্ন সূত্রে দাবি, এই রদবদল রুটিন। এর সঙ্গে অন্য কিছুর সম্পর্ক নেই।
এদিকে, কলকাতার পুর কমিশনার ধবল জৈনকে বীরভূমের জেলাশাসক করা হল। নতুন পুর কমিশনার হলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা।
উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদীকে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব করা হল। উত্তরের নতুন জেলাশাসক হলেন শশাঙ্ক শেঠি। দক্ষিণ ২৪ পরগণার নতুন জেলাশাসক হচ্ছেন এ.কে মিনা, যিনি ছিলেন কোচবিহারের জেলাশাসক। মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্রকে হিডকোর নতুন ম্যানেজিং ডিরেক্টর করা হল। তাঁর স্থলাভিষিক্ত হলেন মালদহের জেলাশাসক নীতীন সিংঘানিয়া। পূর্ব মেদিনীপুরে নতুন জেলাশাসক হচ্ছেন ইউ আর ইসমাইল। মালদহের নতুন জেলাশাসক হলেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল।








