এসআইআর: অনাথরা কীভাবে নিজেকে বৈধ ভোটার প্রমাণ করবে?
নতুন পয়গাম, নয়াদিল্লি:
গতকাল সোমবার মধ্যরাত থেকে শুরু হল এসআইআর প্রক্রিয়া। বিহারের পর পশ্চিমবাংলা-সহ দেশের ১২ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে এসআইআর চালুর কথা এদিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রশ্ন উঠছে, বিশেষ করে যাদের বাবা-মা নেই, সেইসব অনাথদের কাছে কোনও নথি নেই। তাহলে তাদের ক্ষেত্রে কী হবে?
এদিন দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলনে নানা প্রশ্নের উত্তর দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে নাগরিকত্বের নথি-প্রমাণ ইত্যাদি নানা বিষয় উঠে আসে। ১৪০ কোটির দেশে এমন অসংখ্য মানুষ রয়েছেন, যাঁরা অনাথ! আবার বন্যা, ভূকম্প, বা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ে ঘরবাড়ি ভেঙে গিয়েছে অথবা ভেসে গিয়েছে, এমন দুর্ঘটনা জনিত কারণে বহু মানুষের যাবতীয় নথিপত্র নষ্ট কিংবা হারিয়ে গেছে। বাবা-মা বা অভিভাবকহীন অনাথদের কী হবে, যারা অনাথ আশ্রমে কিংবা কোনও আত্মীয়-পরিচিতের কাছে মানুষ হয়েছেন। তারা কীভাবে নিজেকে বৈধ ভোটার বলে প্রমাণ করবেন? এমন প্রশ্নে কমিশনের কর্মকর্তারা বেজায় অস্বস্তিতে পড়ে যান।

জবাবে তাঁরা বলেন, অনাথ ব্যক্তিদের বাবা-মায়েরা যদি থেকে থাকেন, বিএলআরও বা বুথ লেভেল অফিসাররা খুঁজে বের করবেন। কিন্তু বাবা-মা মারা গেলে, তাদের সন্তানদেরকে অনাথ বলা হয়। অথচ কমিশন যা বলছে, সেটা হারিয়ে যাওয়া বাবা-মায়ের কথা। এদিকে, কমিশন আগেই জানিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় বিএলআরও অফিসাররা বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন। সেই ফর্ম ফিলআপ করে জমা দিতে হবে। তবে ২০০২ সালের তালিকায় যাদের নাম আছে, তাঁদেরকে আর কোনও নথি বা কাগজ জমা দিতে হবে না। এ ধরনের ভোটাররা কমিশনের ওয়েবসাইটে গিয়ে শুধুমাত্র ফর্ম ফিলআপ করলেই হবে। তবে ২০০২ সালের তালিকায় নাম না থাকলে সেক্ষেত্রে তাদের বাবা কিংবা মায়ের নাম থাকতে হবে। তাও না হলে নিজেকে বৈধ ভোটার প্রমাণ করতে হলে কমিশনের তরফে নির্ধারিত নথি জমা দিতে হবে।








