যাদের অতিরিক্ত কাগজপত্র লাগবে না
নতুন পয়গাম, নয়াদিল্লি:
পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২ রাজ্যে চালু হয়ে গেল এসআইআর প্রক্রিয়া। যেসব রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন হওয়ার কথা, এই পর্যায়ে মূলত সেইসব রাজ্যে এসআইআর চালু হল। অতি সম্প্রতি বিহারে এই প্রক্রিয়া হয়েছে। সোমবার জাতীয় নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করে জানায়, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, পুদুচেরিতে এদিনই মধ্যরাত থেকে চালু হচ্ছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশেআধন বা পরিমার্জন। তবে আসামকে এই দফায় বাদ বা ছাড় দেওয়া হল বলেও এদিন জানান দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
তিনি এও জানান, বিএলআরও অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেবেন। সেই ফর্ম ফিলআপ করে জমা দিতে হবে। তবে ২০০২ সালের তালিকায় যাঁদের নাম আছে, তাঁদের কোনও বাড়তি কাগজপত্র দিতে হবে না। কারও নিজের নাম না থাকলেও, যদি বাবা-মায়ের নাম থাকে তাহলেও বাড়তি কাগজ জমা দিতে হবে না। এদেরকে কেবল কমিশনের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলআপ করতে হবে।
কিন্তু যদি ২০০২ সালের তালিকায় ভোটারের নাম না থাকে, তাহলে তাঁদের নিজের বাবা অথবা মায়ের নাম খুঁজতে হবে। না পেলে তখন কমিশন নির্ধারিত নথি জমা দিতে হবে, যাতে নিজেকে বৈধ ভোটার হিসেবে প্রমাণ করা যায়।








