শিশু মৃত্যুকে ঘিরে উত্তাল বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটাল
সঞ্জয় মন্ডল, নতুন পয়গাম, বাঁকুড়া:
বাঁকুড়া জেলার বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালে সদ্যোজাত যমজ শিশুর মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। সূত্র মাধ্যমে জানা গেছে স্থানীয় পালপুকুরের এলাকার বাসিন্দা শান্তনু নায়কের স্ত্রী বর্ষা নায়ক গত পরশু প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালে। পরিবারের পক্ষ থেকে জানানো হয় সেই সময় কর্তব্যরত চিকিৎসক বাইরে থেকে একটি রিপোর্ট করিয়ে নিয়ে আসতে বলেন। চিকিৎসকের পরামর্শ মত বাইরে থেকে রিপোর্ট করিয়ে নিয়ে আসলেও সেই রিপোর্টে কিছু ভুল ধরা পড়ে। দ্বিতীয় বার আবার রিপোর্ট করানো করানো হয়। সেই রিপোর্টের ভিত্তিতে চিকিৎসক প্রসূতিকে ছুটি দিয়ে দেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর রাতে প্রসুতি আবার প্রসব যন্ত্রণা অনুভব করেন। তাকে পুনরায় বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হলে ওই মহিলা দুটি মৃত যমজ কন্যা সন্তান প্রসব করেন। এই ঘটনার সাথে সাথেই হসপিটাল চত্বরে পরিবারের সদস্যরা বিক্ষোভে ফেটে পড়েন। তাদের এই বিক্ষোভে সামিল হন বড়জোড়া বিজেপি নেতৃত্ব। বড়জোড়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা গোবিন্দ ঘোষ বলেন”বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালের অব্যবস্থা ও দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকের এই ঘটনা আবার প্রমাণ করলো যে তাদের দাবি সঠিক। সঠিক সময়ে ডাক্তার না আসা সহ গোটা হসপিটালের পরিকাঠামোই ধ্বংস হয়ে গেছে। স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায় ওতপ্রতভাবে জড়িয়ে রয়েছে এই হসপিটালে সাথে। অসত্য হসপিটালের এই করুণ অবস্থা নিয়ে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করেননি। তাই এই ঘটনার দায় তাকেও নিতে হবে। অন্যদিকে বিধায়ক অলক মুখোপাধ্যায় জানান গোটা ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং বলেন আইন আইনের পথে চলবে।







