মাদ্রাসায় ভূতুড়ে নিয়োগ বাতিল সহ ছয় দফা দাবিতে ফোরামের প্রেস কনফারেন্স
নতুন পয়গাম,কলকাতা:
অরাজনৈতিক শিক্ষক সংগঠন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের উদ্যোগে শনিবার কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি ইশরারুল হক মণ্ডল,সম্পাদক মীর রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ কাইসার রশিদ, আশিকুল ইসলাম প্রমুখ। ফোরামের পক্ষে ছয় দফা দাবি পেশ করা হয়। রাজ্যের সরকার পোষিত মাদ্রাসায় ভূতুড়ে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
ফোরামের সভাপতি ইশরারুল হক মণ্ডল বলেন, মাদ্রাসায় অবৈধভাবে টাকার বিনিময়ে ভূতুড়ে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করেছে এক শ্রেণির অসাধু মাদ্রাসা পরিচালন কমিটি। দুর্নীতিগ্রস্ত কমিটির সঙ্গে প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষকের একাংশ জড়িত। এদের বিরুদ্ধে এফআইআর করার দাবি জানান তিনি।
সপ্তম এসএলএসটি অসম্পূর্ণ ফল প্রকাশের জোরালো দাবি জানান হয়। রাজ্যের বর্তমান জলন্ত সমস্যা ওবিসি সংরক্ষণ বিষয়েও আলোচনা হয়। দ্রুত ওবিসি সমস্যা সমাধানের দাবি করা হয়। আন এডেড মাদ্রাসার পরিকাঠামো সহ পড়ুয়াদের সুযোগ সুবিধা প্রদানের জন্য উদ্যোগ নেয়ার দাবি ওঠে।
সম্পাদক মীর রবিউল ইসলাম বলেন, যেসব মাদ্রাসা পরিচালন সমিতি কোটি কোটি টাকার বিনিময়ে মাদ্রাদায় অবৈধ নিয়োগ করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দুর্নীতিগ্রস্ত দের মদদপুষ্টরাই মাদ্রাসা পর্ষদের সচিবের উপর বর্বরোচিত আক্রমণ করেছে। এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফোরাম নেতৃত্ব
মাদ্রাসার প্রধান শিক্ষক ও সুপারিনটেনডেন্ট শূন্য পদে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছে প্রেস কনফারেন্স থেকে।








