৬ মাসে ৩০ হাজার সাইবার প্রতারণা, খোয়া ১৫ হাজার কোটি
নতুন পয়গাম¸ নয়াদিল্লি:
সাইবার ক্রাইম নিয়ে বহুদিন ধরেই দেশজুড়ে হইচই চলছে। পরিসংখ্যান বলছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতেই সাইবার আপরাধ বেশি। গুজরাটে সাইবার ক্রাইম বেড়েছে ৮০০ শতাংশেরও বেশি। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সর্বশেষ রিপোর্ট বলছে, মাত্র ছয় মাসে প্রায় ৩০ হাজার মানুষ সাইবার প্রতারণার শিকার হয়েছেন। আর এই প্রতারণার ফাঁদে পড়ে তাঁদের গচ্চা গেছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।
এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রতারকদের টার্গেট হচ্ছেন মূলত প্রবীণ নাগরিক ও প্রযুক্তিতে কম পারদর্শী মানুষ। ৭৬ শতাংশের বয়স ৩০ থেকে ৬০-এর মধ্যে, আর ৬০ বছরের ঊর্ধ্বে ২,৮২৯ জন। প্রবীণ মানুষদের গড় ক্ষতির পরিমাণ সর্বাধিক। মাথাপিছু প্রায় ৫১.৩৮ লক্ষ টাকা করে তারা ক্ষতির স্বীকার। সবচেয়ে বেশি প্রতারণা হয়েছে বেঙ্গালুরু, দিল্লি ও হায়দরাবাদে। শুধুমাত্র বেঙ্গালুরুতেই ঘটেছে ২৬.৩৮ শতাংশ সাইবার প্রতারণা। এই তিনটি শহর মিলিয়ে দেশের মোট সাইবার ক্রাইমের ৬৫ শতাংশ।

রিপোর্টে আরও জানা গেছে, এসব প্রতারণার ২০ শতাংশ ঘটনায় ব্যবহৃত হয়েছে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম, আর ০.৩১ শতাংশ ক্ষেত্রে লিঙ্কডইন ও টুইটারের মতো সোশ্যাল প্ল্যাটফর্ম। তবে সবচেয়ে বেশি বিপজ্জনক প্রমাণিত হয়েছে বিভিন্ন অপরিচিত ও অচেনা অ্যাপ। এদের মাধ্যমে হয়েছে মোট ৪১.৮৭ শতাংশ প্রতারণা। এদিকে সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ, বিশেষত প্রবীণ নাগরিক ও প্রযুক্তি সম্পর্কে কম জানা মানুষদের অপরিচিত লিংক বা অ্যাপ থেকে দূরে থাকতে হবে।








