প্রণয়গাথা
মনোজ ভোজ
শুদ্ধাচারে তো বিশ্বাসী নও তুমি
তবু কেন মুখে শুদ্ধিবাদের গান
চুম্বনে আজ মুগ্ধ করবে যদি
ঠোঁটের কোণায় মোহিনীর সংবাদ
আনা চাই তবু, সূর্যচক্রে তিল
কতদিন পরে ছুঁয়েছি রিক্ত হাতে।
চুমুতে ছিল কি অনভ্যাসের দোষ
হাতের স্পর্শ ভুল রাগে কথা বলে?
গৃহে ফিরি তবু নিছক গৃহত্যাগী
তোমার মন্ত্রে ভাটিয়ালি অভিসার
অপেক্ষা শুধু এখনো পাইনি দেখা
ছিঁড়ে ফেল সখি বুকের গোপন দ্বার
চুম্বনে ঘোর অহল্যা আজ মানুষ
ভিতরের নারী প্রকাশ্য হোক তবে
স্পর্শে তোমার সলাজ প্রণয়গাথা
তিমির বিশ্বে শমীবৃক্ষের ডাক
বৃহন্নলার ছিঁড়ুক ছদ্মবেশ—
তুমি আর আমি একটি মানুষ আজ!
আরও পড়ুন








