ধূপগুড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য শরৎপল্লীতে
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম ধূপগুড়ি:
ধূপগুড়ি পৌরসভার শরৎপল্লী এলাকার ১৬ নম্বর ওয়ার্ডে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অলিত পাল (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, অলিত মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি তিনি ভিন রাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন। ফেরার পর থেকেই তিনি লটারি বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ভোর চারটায় অলিত বাড়িতে ফেরেন। পরিবারের পুরুষ সদস্যরা তখন ব্যবসার কাজে বাইরে ছিলেন। অলিত নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন বলে জানা যায়।
সারাদিন কেটে গেলেও ঘর থেকে তাঁর কোনো সাড়া না মেলায় সন্ধ্যাবেলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁরা দরজা ভাঙার চেষ্টা না করে ধূপগুড়ি থানায় খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অলিতের ঝুলন্ত দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই বিষয়টি পরিষ্কার হবে। ধূপগুড়ি থানার পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








