শিক্ষক নিয়োগ মামলায় ম্যারাথন জেরার মুখে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা
নতুন পয়গাম, কলকাতা:
প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে প্রায় ৯ ঘণ্টা জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। নতুন করে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে বুধবার তাঁকে ফের তলব করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। জানা যায়, এদিন বেশ কিছু নথিপত্র নিয়েও আসতে বলা হয় তাঁকে। সেই মতো নির্ধারিত সময়েই সল্টলেকে ইডি দপ্তরে পৌঁছে যান রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ। দীর্ঘ ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তিনি বলেন, আদালতের নির্দেশ ছিল, ইডি ডাকলেই আমাকে আসতে হবে। আজ ডেকেছিল। আমি এসেছি। শুধু তাই নয়, যা যা প্রশ্ন ছিল তার সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন বলেও জানান মন্ত্রী। একইসঙ্গে বেশ কিছু নথিও তলব করে ইডি। তাও এদিন জমা দিয়েছেন বলে জানিয়েছেন চন্দ্রনাথ সিনহা।

অনেক আগেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। ইডি সূত্রে খবর, তল্লাশিতে কুন্তল ঘোষের একটি ডায়েরি পাওয়া যায়। যেখানে প্রায় শতাধিক লোকের নাম রয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সেখানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম ছিল বলে দাবি ইডির। সেই সূত্রেই বিধায়কের বাড়িতে একাধিকবার তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি এবং প্রায় ৪১ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়। ইতিমধ্যে আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরেই আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন জানান মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
সেই মতো পুজোর আগেও এই সংক্রান্ত মামলায় স্বস্তি পান তিনি। মন্ত্রীর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। যদিও তদন্তে সবরকমভাবে তাঁকে সাহায্য করতে হবে বলে নির্দেশে জানায় আদালত। সেই মতো এদিন চন্দ্রনাথ সিনহাকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরেই এদিন তদন্তের মুখোমুখি হলেন।








