লাদাখ নেতৃত্বের সঙ্গে বৈঠকে কেন্দ্র সরকার
নতুন পয়গাম, নয়াদিল্লি:
সম্প্রতি লাদাখ ইস্যুতে বেশ বিপাকে পড়েছে কেন্দ্র সরকার। বিশেষ করে লাদাখ আন্দোলনের নেতা সোনাম ওয়াংচুককে গ্রেফতারের পর নানা মহল থেকে চাপ বেড়েছে কেন্দ্রের ওপর। ফলে লাদাখ নেতাদের সঙ্গে ফের মুখোমুখি বৈঠকে বসতে বাধ্য হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন লাদাখের ন’জন প্রতিনিধি। লাদাখের জন্য পৃথক রাজ্যের স্বীকৃতি, সংবিধানের ষষ্ঠ তফশিলে অন্তর্ভুক্তি, সংরক্ষণ নীতি এবং ধৃত সোনাম ওয়াংচুকের ওপর থেকে জাতীয় নিরাপত্তা আইন এনএসএ-তে আনা অভিযোগ প্রত্যাহারের দাবিকে সামনে রেখে আলোচনা হয় এই বৈঠকে। ওয়াংচুক-সহ ২৪ সেপ্টেম্বরের হিংসার ঘটনায় ধৃতদের মুক্তির দাবিতেও কেন্দ্রের পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছে লাদাখের নেতারা।
এদিন বৈঠকে লে অ্যাপেক্স বডি বা এলএবি এবং কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা কেডিএ-র তরফে তিনজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন লাদাখের সাংসদ মহম্মদ হানিফাও। টানা প্রায় দু’ঘণ্টার বৈঠক শেষে সাংসদ হানিফা জানান, মূলত চারটি বড় ইস্যুতে এদিন আলোচনা হয়েছে। লাদাখের জন্য রাজ্যের স্বীকৃতি, ষষ্ঠ তপশিলে অন্তর্ভুক্তি, সংরক্ষণ ইস্যু ও সোনাম ওয়াংচুকের উপর থেকে এনএসএ প্রত্যাহার করে তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তাঁর দাবি, আলোচনা ইতিবাচক হয়েছে। পরবর্তী পর্যায়েও আলোচনা জারি রাখার বিষয়ে সহমত পোষণ করেছে উভয় পক্ষই।









