পিয়ালিতে চলন্ত ট্রেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, জয়নগর: বুধবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার পিয়ালি স্টেশনে চাঞ্চল্যকর ঘটনা। চলন্ত ডাউন শিয়ালদহ–ক্যানিং লোকাল ট্রেনের এক মহিলা কামরায় আচমকা আগুন লাগে। তবে সৌভাগ্যবশত, ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
রেল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই সকাল ১০টার দিকে শিয়ালদহ থেকে রওনা হওয়া ট্রেনটি ক্যানিংমুখী পথে চলছিল। সেই সময় পিয়ালি স্টেশনে পৌঁছতেই যাত্রীরা হঠাৎ ধোঁয়া ও আগুনের আভাস দেখতে পান। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কামরায়। যাত্রীরা ভয়ে তড়িঘড়ি নেমে পড়েন ট্রেন থেকে।
ঘটনার খবর পেয়ে রেলকর্মীরা দ্রুত ব্যবস্থা নেন। আগুন নেভানোর কাজ শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনার জেরে কিছুক্ষণ শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ায় যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রেলের অবহেলার ফলেই এমন বিপত্তি ঘটছে প্রায় প্রতিদিনই। শহরতলি ও জেলার বহু মানুষ প্রতিদিন ট্রেনেই কর্মস্থলে যাতায়াত করেন। তাঁদের মতে, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি দূর না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে যে কোনও দিন।
রেল কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।







