মনোনয়ন জমা দিয়েই গ্রেপ্তার লালুর প্রার্থী
নতুন পয়গাম, সাসারাম:
বিহারে বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র দু-সপ্তাহ। ৬ ও ১১ নভেম্বর ভোট। মনোনয়নপত্র জমা দেওয়া চলছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের রাজ্য অফিসে গিয়ে নমিননেশন ফাইল করে বেরনোর পরই গ্রেপ্তার করা হয় সাসারামের আরজেডি প্রার্থী সত্যেন্দ্র শাহকে। লালুপ্রসাদ যাদবের দলের এই প্রার্থীকে ধরতে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে এদিন হাজির হয় পুলিশ। সূত্রের খবর, ২২ বছর আগে ঝাড়খণ্ডে এক ব্যাঙ্ক ডাকাতি মামলায় তাঁর নাম রয়েছে। যদিও এই মামলা সম্পর্কে কিছুই জানা ছিল না সত্যেন্দ্র ও তার সমর্থকরা।
সাসারাম বিধানসভা কেন্দ্র থেকে সত্যেন্দ্র মনোনয়ন পেশ করতে যাবেন, এ খবর পেয়েই সেখানে হাজির হয় ঝাড়খণ্ড পুলিশ। অফিস থেকে বের হতেই তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু আরজেডি-র অভিযোগ, ২২ বছর আগের অভিযোগ এতদিনেও প্রমাণ হয়নি। ভোটের মুখে এই গ্রেফতার সম্পূর্ণ রাজনৈতির উদ্দেশ্যে। এভাবে আরজেডি-র জয় ঠেকানো যাবে না।








