নাটকের মঞ্চে প্রতিবাদের ভাষা, OBC বঞ্চনার অভিযোগ তুলে ধরল শেরশাবাদিয়া সমাজ
নতুন পয়গাম, উত্তর দিনাজপুর:
অধিকার আদায়ের লড়াই এবার পৌঁছে গেল নাটকের মঞ্চে। সম্প্রতি শেরশাবাদিয়া বিকাশ পরিষদের উদ্যোগে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চস্থ হয় ‘আন্দোলন ছাড়া উপায় নেই’ শিরোনামের একটি বিশেষ নাটক।
দীর্ঘদিন ধরে আর্থ-সামাজিকভাবে পিছিয়ে থাকা এবং সংরক্ষণে বঞ্চনার শিকার শেরশাবাদিয়া জনজাতির দুরবস্থা ও ন্যায্য অধিকারের দাবি এই নাটকের মূল বিষয়। সমাজের সদস্যরাই এই নাটকে অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছেন তাদের জীবনের সংগ্রাম ও OBC ‘A’ ক্যাটাগরিতে পুনর্বহালের জোরালো দাবি।
পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবাদ জানাতে শুধু সমাবেশ বা মিছিল নয়, শিল্পও হতে পারে শক্তিশালী হাতিয়ার। সমাজের বঞ্চনা ও দাবিকে নাটকের মাধ্যমে বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের লক্ষ্য।
সচেতন মহলের মতে, এই নাট্য উদ্যোগ শেরশাবাদিয়া সমাজের আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে—এক সাংস্কৃতিক প্রতিবাদের রূপে যা শিল্পের ভাষায় উচ্চারণ করল ন্যায়ের দাবিকে।








