বাসন্তী হাইওয়েতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, বাসন্তী:
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী হাইওয়েতে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সোমবার ভোররাতে বাসন্তীর আমঝাড়া এলাকায় দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই যুবকের। মৃতদের নাম আব্দুল হালিম মোল্লা এবং সাইফুদ্দিন মোল্লা।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় চাঞ্চল্য। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দুটি বাইকই দ্রুতগতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়েই একে অপরকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দুই বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজনের বাড়ি আঠারোবাকি এলাকায়, অপরজনের বাড়ি কুমড়ো খালি এলাকায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে— দুর্ঘটনা নিছক নিয়ন্ত্রণ হারানোর ফল কিনা, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা অনুসন্ধান করা হচ্ছে।
দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য বাসন্তী হাইওয়েতে যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে কর্তব্যরত পুলিশকর্মীদের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।
এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।








