হাসপাতাল চত্বরে অস্বাস্থ্যকর পরিবেশ — অনুপনগরে এলাকাবাসীর বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, নতুন পয়গাম, সামশেরগঞ্জ:
অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল সামশেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতাল চত্বর। শনিবার দুপুরে হাসপাতালের বর্জ্য অপসারণের দাবিতে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা।
সূত্রের খবর, কাঞ্চনতলা কামাত এলাকার প্রায় শতাধিক মানুষ এদিন হাসপাতালের সামনে জড়ো হয়ে স্লোগান তোলেন। তাঁদের অভিযোগ, হাসপাতালের চিকিৎসাবর্জ্য ও নোংরা আবর্জনা দীর্ঘদিন ধরে হাসপাতালের এক প্রান্তে ফেলা হচ্ছে। ওই স্থানের পাশেই রয়েছে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। এর ফলে প্রতিদিন দুর্গন্ধ ও নোংরার মধ্যে বসবাস করতে হচ্ছে স্থানীয়দের।
বাসিন্দাদের অভিযোগ, বহুবার লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। বরং দিন দিন পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এক বাসিন্দা বলেন, “হাসপাতালের নোংরা মানুষের বসতবাড়ির পাশে ফেলা হলে তা স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। প্রশাসনকে অবিলম্বে বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী ব্যবস্থা করতে হবে।”
অভিযোগ উঠেছে, হাসপাতালের আবর্জনা থেকে মাছি-মশার উপদ্রব বেড়ে যাওয়ায় রোগ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ এবং ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান। চেয়ারম্যান আশ্বাস দিলে আপাতত বিক্ষোভ স্থগিত রাখা হয়। তবে বাসিন্দাদের হুঁশিয়ারি, নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষ্কার না হলে তারা পুনরায় আন্দোলনে নামবেন।







